আগে যা ছিল মা ক্যান্টিন পালাবদলের তা হয়েছে মা আহার। তাহলে পার্থক্য ঠিক কোথায়? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। তবে পার্থক্য হচ্ছে, মা ক্যান্টিনে মিলত ডিম-ভাত। সেখানে মা আহার প্রকল্পে মেলে ডিম-ভাত, মাছ-ভাত। সপ্তাহে দু’দিন মাছ-ভাত দেওয়া হয়। এখানেই শেষ নয়, মা আহার প্রকল্পে ডিম-ভাত এবং মাছ-ভাতের সঙ্গে থাকছে বাড়তি পদও। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই আমূল পরিবর্তন এসেছে মানুষের সেবায় নিয়োজিত খাদ্যে। যার ফলে ভিড় বেড়েছে মা আহারের কাউন্টারগুলিতে।
এদিকে ‘মা আহারে’ মাছ-ভাতের সঙ্গে বাড়তি পদ দিতে ভর্তুকি দ্বিগুণ করল শুভেন্দু অধিকারীর সরকার। এই ভর্তুকি বৃদ্ধি হওয়াতে খুশি ‘মা আহার’ ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তৃণমূল সরকারের ‘মা ক্যান্টিন’ প্রকল্পে মিল প্রতি ভর্তুকি ছিল ১০ টাকা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ‘মা আহার’ ভর্তুকির টাকা বাড়িয়ে ২০ টাকা করেছে। ইতিমধ্যেই রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিয়েছে। এটা রাজ্যের সর্বত্রই হচ্ছে।
অন্যদিকে ভর্তুকি বাড়লেও বাড়তি পদ-সহ ডিম-ভাত, মাছ-ভাতের পরিষেবা কবে থেকে সর্বত্র মিলবে সেটা এখনও জানা যায়নি। তবে এই বিষয়টি স্বনির্ভর গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হয়েছে। খাবারের মান যাতে বজায় থাকে সে কথা স্পষ্টভাবে নির্দেশ দিয়ে জানানো হয়েছে। আর এই ভর্তুকির বিষয়টি নিয়ে আরামবাগ পুরসভার মা আহারের দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর রোজিনা বেগম বলেন, ‘ভর্তুকির টাকা বৃদ্ধির আশা করেছিলাম। রাজ্য সরকার তা বৃদ্ধি করেছে বলে অনেকটা সুবিধা হলো। আমাদের দু’টি ক্যান্টিনে রোজ গড়ে ৭০০ মানুষ খান।’
তাছাড়া আগের মতোই এখনও ৫ টাকা দিলেই দুপুরের পেটভরা খাবার মিলছে। অনেকে বলেছিলেন, টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হবে। সেই অপপ্রচার কাজে লাগেনি। বরং মানুষ আরও উপকৃত হলেন। মা আহার ক্যান্টিনে রাজ্যজুড়ে ভর্তুকির টাকা বাড়ানোয় এবার থেকে খাবারের পদও বাড়তে চলেছে। মাছ-ভাতের সঙ্গে মিলবে ডাল এবং সবজি। ডিম-ভাতের ক্ষেত্রেও এই একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যে দুদিন নিরামিষ খাবার দেওয়া হবে সেই দুদিনের পদ হচ্ছে-ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা এবং চাটনি। রাজ্যের এই নয়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, খাবারের পুষ্টিগুণ এবং মান অবশ্যই বজায় রাখতে হবে। একইসঙ্গে পরিছন্নতার সঙ্গে খাবার পরিবেশনের দিকটিও নিশ্চিত করতে হবে। এই বিষয়ে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘তৃণমূল সরকার নানা প্রকল্প থেকে চুরি করত। আমাদের সরকার মানুষের স্বার্থে প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়িয়েছে। মা আহারে ভর্তুকির টাকা বৃদ্ধি করার জেরে মানুষজন উপকৃত হবেন।’




