শিয়ালদহ স্টেশন এশিয়ার অন্যতম ব্যস্ত রেল স্টেশনগুলির মধ্যে একটি। লক্ষ লক্ষ যাত্রী নিত্যদিন এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করেন। এবার যাত্রীদের সুবিধা দিতে ব্যস্ততম শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে নয়া পরিষেবা। যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক পরিষেবা দিতে ডিজিটাল লকার সিস্টেম চালু করছে পূর্ব রেল শিয়ালদহ স্টেশন। দূরপাল্লা থেকে শুরু করে নিত্যযাত্রী সকলের সুবিধার জন্য এই পরিষেবা চালু করা হয়েছে।
যাত্রীরা এবার থেকে নিজেদের মালপত্র নিরাপদে নির্দিষ্ট সময়ের জন্য ডিজিটাল লাগেজ লকারে রেখে গন্তব্যে যেতে পারেন। আবার কাজ মিটিয়ে নির্দিষ্ট সময় পর শিয়ালদহ স্টেশন থেকে নিয়ে যেতে পারবেন। শিয়ালদহ স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মের বিপরীতে রেলের তরফে এই লাগেজ রাখার লকার সিস্টেম চালু করা হয়েছে। পূর্ব রেল এই বিষয়ে ইতিমধ্যে একটি ভিডিয়ো শেয়ার করেছে।
কিন্তু কীভাবে কাজ করবে এই ডিজিটাল লকার সিস্টেম? কীভাবে ডিজিটাল লকারে নিজের মালপত্র রাখবেন?
- লকার বুক করতে গেলে প্রথমে বৈদ্যুতিক স্কিনে স্টোর অপশনে ক্লিক করুন।
- সেখানে নিজের ফোন নম্বর দিন।
- এরপর ওই নম্বরে আসা ওটিপিটি সেই স্কিনে লিখে লগ-ইন করুন।
- এরপর যাত্রীকে নিজের নাম ও ই-মেল আইডি দিতে হবে। সব হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- যাত্রী কী ধরনের লকার চাইছে তা বেছে নিয়ে পরবর্তী (NEXT) বাটনে ক্লিক করতে হবে।
- কতক্ষণ যাত্রী নিজের মালপত্র লকারে রাখতে চাইছেন, তার জন্য টাইম স্লট বাছতে হবে।
- সময় নির্বাচন করার পরে একটি কিউআর কোড দেওয়া হবে। সেই কোড স্ক্যান করে প্রয়োজনীয় টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।
- পেমেন্ট করার পরেই যাত্রীর প্রয়োজনমতো লকার খুলেজ যাবে। সেখানে তিনি নিজের প্রয়োজনীয় জিনিস রেখে গন্তব্যে যেতে পারবেন।
- এরপর লকার থেকে মালপত্র নেওয়ার সময়ে যাত্রীকে ফের নিজের মোবাইল নম্বর দিতে হবে। এরপর ফোনে আসা ওটিপি স্কিনে দিতে হবে। তাহলেই আপনার নির্ধারিত লকার খুলে যাবে। সেখান থেকে যাত্রী নিজের মালপত্র বের করে নিতে পারবেন।
তবে মালপত্রের মাপ অনুযায়ী লকারকে তিনভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে, মিডিয়াম, লার্জ ও এক্সট্রা লার্জ। ভাড়া নেওয়ার সময়কেও ৬ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ২৪ ঘণ্টা এই তিনভাগে ভাগ করা হয়েছে। জানা গিয়েছে, লার্জ লকারের জন্য ৬ ঘণ্টায় ১২০ টাকা, ২৪ ঘণ্টায় ২৪০ টাকা ও ২৪ ঘণ্টার বেশি হলে প্রতি ৬ ঘণ্টায় ১২০ টাকা করে ভাড়া দিতে হবে।
অন্যদিকে, এক্সট্রা লার্জ লকারের জন্য ৬ ঘণ্টায় ১৮০ টাকা, ২৪ ঘণ্টায় ৩৬০ টাকা এবং ২৪ ঘণ্টার বেশি হলে প্রতি ঘণ্টায় ১৮০ টাকা করে ভাড়া দিতে হবে। মিডিয়াম লকারের জন্য ৬ ঘণ্টায় ৭৫ টাকা, ২৪ ঘণ্টায় ১৫০ টাকা, ২৪ ঘণ্টার বেশি সময় হলে প্রতি ৬ ঘণ্টায় ৭৫ টাকা করে ভাড়া দিতে হবে।




