• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত হবে ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী স্বামী প্রণবানন্দজীর আরতি করেন। পরে ১৩টি বেড ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম-সমৃদ্ধ নতুন নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন

আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত হবে ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image: IANS

জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার হাসপাতালের নতুন নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করে তিনি জানান, এই হাসপাতাল দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবিক কাজের সঙ্গে যুক্ত। বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক হিংসায় আক্রান্তদের চিকিৎসা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী স্বামী প্রণবানন্দজীর আরতি করেন। পরে ১৩টি বেড ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম-সমৃদ্ধ নতুন নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন। তিনি বলেন, ভারত সেবাশ্রম সংঘের মতো আধ্যাত্মিক প্রতিষ্ঠান সরকারকে আবেদন নয়, প্রয়োজন হলে নির্দেশ দেবে। রাজ্য সরকার হাসপাতালটির পরিকাঠামো আরও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন। বক্তব্যে শুভেন্দু অধিকারী পূর্ববর্তী তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, আগের সরকার আইনকে গুরুত্ব দিত না এবং অহংকারে চলত। বর্তমান সরকার আইন মেনেই কাজ করবে এবং জনগণের সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।

ভারত সেবাশ্রম সংঘের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক হিংসার সময় বহু আহত মানুষকে যখন সরকারি ও বেসরকারি হাসপাতাল চিকিৎসা দিতে অস্বীকার করেছিল, তখন ভারত সেবাশ্রম সংঘের এই হাসপাতাল তাঁদের পাশে দাঁড়িয়েছিল। ধর্ম রক্ষায় আক্রান্ত মানুষদেরও এই হাসপাতাল সেবা দিয়েছে। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে বলে তিনি জানান।