রাজ্যে পালাবদলের পর থেকেই ডিম থেরাপি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। নেতা থেকে প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর, বিধায়ক ডিম্বাস্ত্রের সম্মুখীন হয়েছে। এবার সাংসদ ডিম থেরাপির মুখোমুখি হলেন। ডিম থেরাপির তালিকায় যুক্ত হলেন সাংসদ মহুয়া মৈত্র। এই অবস্থায় বিষয়টি নিজেই ফেসবুক লাইভ করে শেয়ার করেন সাংসদ। কালীগঞ্জে বৈঠকের মাঝেই ডিম থেরাপিতে আক্রান্ত হন মহুয়া। মহুয়াকে লক্ষ্য করে কাদা-গোবর ছোঁড়া হয়েছে বলেও অভিযোগ। কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে বৈঠক চলাকালীন কাদা-গোবর বাইরে থেকে ছোঁড়া হয়েছে। তাঁকে লক্ষ্য করে ডিমও ছোঁড়া হয় বলে অভিযোগ।
এদিকে কৃষ্ণনগরের সাংসদের অভিযোগ, জানালা দিয়ে তাঁদের উপর ডিম-সহ নানা জিনিস ছোঁড়া হচ্ছে। তাঁর গায়েও লেগেছে ডিম। ওই ঘটনার ভিডিও শেয়ার করে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন মহুয়া। বিজেপির লোকজন তাঁদের ঘেরাও করে রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি। এই হেনস্তার অভিযোগ তুলে একাধিক ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন মহুয়া। তাঁকে কালো পতাকাও দেখানো হয়েছে। গোটা ঘটনাটি নিজের ফেসবুক লাইভে এসে দেখান মহুয়া। ফেসবুকে মহুয়া বলতে থাকেন, ‘দেখুন কীভাবে জানালা দিয়ে ডিম ছুঁড়ছে। কীভাবে ঘরের মধ্যে এসে পড়ছে ডিম। পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। পুলিশ শুধু দাঁড়িয়ে দেখছে।’
Hello @DGPWestBengal @WBPolice past 2 hours & your police is watching the fun & not dispersing the mob. They want me to flee & they will pelt eggs /stones while I enter my car. Please do your job. Disperse the mob. Am in NH Dhaba Plassey. pic.twitter.com/PWmjuJEnaH
— Mahua Moitra (@MahuaMoitra) July 1, 2026
অন্যদিকে বুধবার নদিয়ার কালীগঞ্জের পলাশিতে বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে তৃণমূলের একটি বৈঠক ছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন মহুয়া। তখনই বাড়ির নীচে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। ‘গো-ব্যাক স্লোগান’ থেকে শুরু ডিম বৃষ্টি করা হয়। একইসঙ্গে চোর স্লোগানও দেওয়া হয়। ডিম থেরাপি প্রথম শুরু হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। ডিম থেরাপির শিকার হয়েছিলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ও। এবার পার্টি অফিসের জানালা দিয়ে মহুয়া মৈত্রকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকেই তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় একের পর এক ডিম বলে অভিযোগ।
তাছাড়া এই ডিম থেরাপি যখন শুরু হয়েছিল তখন মহুয়া মৈত্র বলেছিলেন, ‘বোরখা পরে ডিম ছোঁড়ো, তাহলে কেউ চিনতে পারবে না। থানায় অভিযোগ দায়ের করা হবে। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাব।’ এই নিয়ে অবশ্য কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। তাতে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। সেই আবহের মধ্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের উপর ডিম থেরাপি হয়ে গেল। যার জেরে এবার মহুয়া সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে তোপ দাগলেন, ‘এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন জমায়েত করে ঘেরাও করে রেখেছে। জানালা দিয়ে আমার উপর হামলা চালানো হয়েছে। কিন্তু এসব দেখেও পুলিশ দাঁড়িয়ে আছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না। জমায়েতকে সরাতেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না। আপনারা দেখুন, রাজ্য সরকার বদল হওয়ার পরে আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে। পুলিশ প্রশাসন নির্বিকার। এবার আমাকে হামলা করার ছক করেছে বিজেপি। এরা কেউ সাধারণ মানুষ নয়, এঁরা বিজেপি কর্মী। প্রত্যেকটার বিরুদ্ধে পদক্ষেপ করব। থানায় যাব। এখন পুলিশ আপনাদের, হাইকোর্টে যাব। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।’




