ফ্ল্যাট দখলের মামলায় প্রায় এক মাস জেল হেফাজতে থাকার পর অন্তর্বর্তী জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বুধবার কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। আদালতের নির্দেশ অনুযায়ী, তিনি ফুলবাগান থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না, নির্দিষ্ট সময়ে থানায় হাজিরা দিতে হবে এবং তদন্তে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে।
গত ৩ জুন জয়প্রকাশ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১২ সালে ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার পর ২০১৫ সালে চুক্তির মেয়াদ শেষ হলেও তিনি বেআইনিভাবে ফ্ল্যাটটি দখল করে রাখেন। ফ্ল্যাটের মালিক ও তাঁর পরিবারের দাবি, তৎকালীন রাজনৈতিক প্রভাবের কারণে বহুবার থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।
গ্রেপ্তারের দিন তাঁর বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন জয়প্রকাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ তাঁকে আটক করে। পরে ফ্ল্যাট জবরদখল, বৃদ্ধা মালিককে হুমকি ও কটূক্তির অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু হয়। থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিমও ছোঁড়ে।
প্রসঙ্গত, প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জয়প্রকাশের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তিনি সরে দাঁড়ান। পরে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে শুনানি শেষে শর্তসাপেক্ষে জয়প্রকাশ মজুমদারের জামিন মঞ্জুর করা হয়।




