রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে ফের বড়সড় রদবদল করল রাজ্য সরকার। জেলা পুলিশ, গোয়েন্দা শাখা, সিআইডি, আইবি এবং কলকাতা পুলিশেরর একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতি করা হয়েছে। মোট ১৫ জন আইপিএস ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস (ডব্লিউবিপিএস) আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কারও পদোন্নতি হয়েছে, কারও রুটিন বদলি হয়েছে, আবার কয়েকজনের ক্ষেত্রে আগের বদলির নির্দেশ বাতিল করে নতুন পোস্টিং দেওয়া হয়েছে।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস অফিসার অঞ্জন চক্রবর্তীকে সংশোধিত নির্দেশে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-র আইজিপি ও ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি দুর্নীতি দমন শাখা (এসিবি)-র ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, আইপিএস অফিসার সুমনজিৎ রায়কে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের (আইবি) আইজিপি (বর্ডার) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
পদোন্নতি পেয়েছেন আইপিএস অফিসার রশিদ মুনির খান। তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের হেডকোয়ার্টার্সের আইজিপি করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ডেপুটি কমিশনার প্রদীপ কুমার যাদবকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডিসি হিসেবে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় এসটিএফের নতুন ডিসি হয়েছেন হাওড়া পুলিশ কমিশনারেটের প্রাক্তন ডিসি (নর্থ) অম্লান কুসুম ঘোষ।
এ ছাড়া, কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) সম্ভাব জৈনকে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার করা হয়েছে। এর আগে তাঁকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) হিসেবে পোস্টিং দেওয়া হয়। সেই নির্দেশ তুলে নেওয়া হয়েছে।
রানাঘাটের এসডিপিও সবিতা গোটিয়ালকে সিআইডিতে অ্যাডিশনাল এসএস পদে নিয়োগ করা হয়েছে। ডব্লিউবিপিএস অফিসার শৌভনিক মুখোপাধ্যায়কে হাওড়া গ্রামীণ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেনকে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, ডব্লিউবিপিএস অফিসার শ্যামল কুমার মণ্ডলকে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।




