• facebook
  • twitter
  • youtube
Wednesday, 1 July, 2026

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার দিন চূড়ান্ত, বিচারপতিও সরে দাঁড়ানোয় বাড়ল চাপ

এই মামলা নিজের হাতে রাখেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছেই মামলা ফেরত পাঠালেন

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার দিন চূড়ান্ত, বিচারপতিও সরে দাঁড়ানোয় বাড়ল চাপ

ডিজে মামলায় আগামী ৮ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে। ওইদিন সকাল ১০টা নাগাদ বিধাননগর এসিজেএম-এর এজলাসে দিতে হবে কণ্ঠস্বরের নমুনা। বিশেষজ্ঞ এবং সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে ডায়মন্ডহারবারের সাংসদকে। এই নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। গতকালই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রক্ষাকবচ চেয়ে অভিষেক আবেদন জানালেও সেটা নিয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট।

এদিকে এই মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আবার অভিষেককে তলব করল বিধাননগর আদালত। আগামী বুধবার সকাল ১০টায় তাঁকে বিধাননগর আদালতে যেতে বলা হয়েছে। সেখানেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। মঙ্গলবার বিধাননগর আদালতে কন্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তিনি হাজির না হওয়ায় সিআইডি-র পক্ষ থেকে জানানো হয়, তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছেন। এই কথা শোনার পর বিচারক আগামী ৮ জুলাই এসিজেএম আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: ‘কারও মুখের দরকার পড়ে না’, রচনা-কল্যাণের ক্যাঁচাল চরমে উঠল

অন্যদিকে অভিষেকের কন্ঠস্বরের নমুনা পরীক্ষা মামলায় স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, তদন্তে হস্তক্ষেপ করতে পারে না আদালত। অভিষেককে কোনও রক্ষাকবচও দেওয়া হচ্ছে না। এই মামলা নিজের হাতে রাখেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছেই মামলা ফেরত পাঠালেন। অভিষেক বলেছিলেন, ‘ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেবো।’ বিধানসভা নির্বাচনে একাধিক প্রচারসভায় এই মন্তব্য করেছিলেন তিনি। এই মন্তব্য উস্কানিমূলক ছিল বলে অভিযোগ দায়ের হয় বিধাননগর পুলিশের কাছে। পরে সিআইডি ওই মামলার তদন্ত শুরু করে।

তাছাড়া সিআইডি অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইলে বিধাননগর আদালত তাতে সম্মতি দেয়। কিন্তু সেটার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে যান অভিষেক। তৃণমূল সাংসদের বক্তব্য, ওই কণ্ঠস্বর তাঁর। সেটা তিনি স্বীকার করছেন। তাহলে কণ্ঠস্বর পরীক্ষা করা হবে কেন?  বিধাননগর আদালতের নির্দেশ ছিল,  ৩০ জুন ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দুয়ারে কড়া নাড়েন তাঁর আইনজীবী। যেহেতু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি করেও শেষে মামলা ছেড়ে দেন তাই বিধাননগর আদালত কণ্ঠস্বরের নমুনা মামলার পরবর্তী শুনানির দিন স্থির করেছে আগামী ৮ জুলাই। এবার এই মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির অফিসে চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। ওই মামলার শুনানির জন্য নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করার আবেদন করা হয়েছে।