পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে সবচেয়ে বেশি কোপ পড়েছিল রান্নার গ্যাসে। ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। এবার জুলাই মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম অনেকটাই কমল। প্রতিটি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় প্রায় ১৭৪ টাকা কমেছে। তবে তেল বিপণন সংস্থাগুলি ডোমেস্টিক বা ঘরোয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ৩,২৫৫.৫০ টাকা। বর্তমানে ১৭৪ টাকা কমে দাম হয়েছে ৩০৮১,৫০ টাকা। অন্যদিকে, দিল্লি ও লখনউয়ের মতো শহরগুলিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমেছে। এই শহরগুলিতে সিলিন্ডারের দাম ছিল ৩,১১৩.৫০ টাকা। বর্তমানে কমে দাম দাঁড়িয়েছে ২,৯৩০ টাকা।
বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম বাড়ায় রেস্তোরাঁ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসার মতো বিভিন্ন জায়গায় মানুষকে সমস্যার মুখে পড়তে হয়। গ্যাসের দাম বৃদ্ধির ফলে মূল্যবৃদ্ধিও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে আপাতত বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কম হওয়ায় হোটেল ও রেস্তোরাঁগুলির মালিকেরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে অনেকে মনে করছেন।
জানা গিয়েছে, চণ্ডীগড় ও পাটনায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮১.৫০ টাকা ও ১৭৩ টাকা কমেছে। এর ফলে পাটনায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২২৭ টাকা হয়েছে। অন্যদিকে, চণ্ডীগড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২,৯৫৪.৫০ টাকা।
তবে ভারতের সব শহরেই ১৪.২ কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় রয়েছে ৯৬৮টাকা, দিল্লিতে ৯৪২ টাকা, চেন্নাইতে ৯৫৭.৫০ টাকা ও মুম্বাইতে রয়েছে ৯৪১.৫০ টাকা।
ইরান যুদ্ধের কারণে হরমুজ় প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। সেই কারণে তেল ও লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে সঙ্কট দেখা দিয়েছিল। তবে বর্তমানে ধীরে ধীরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর এর মধ্যেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কিছুটা কমল। এবার ঘরোয়া সিলিন্ডারের দাম কবে কমে, সেটাই দেখার।




