২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার হলেন বোলপুরের ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি সঙ্গীতা দাসের স্বামী শ্যামাপ্রসাদ দাস ওরফে বাবু। তিনি বোলপুরের বিধায়ক তথা প্রাক্তনমন্ত্রী চন্দ্রনাথ সিংহের ঘনিষ্ঠ ছিলেন বলে সূত্রের খবর। মঙ্গলবার ভোররাতে শান্তিনিকেতন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ।
তিনি এলাকায় তৃণমূলের যথেষ্ট প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন বলে জানান স্থানীয়েরা। শুধু ভোটে পরবর্তী হিংসাই নয়, তাঁর বিরুদ্ধে পুলিশকে শাসানো, বিজেপি কর্মীদের হুমকি, মারধর, তাঁদের বাড়ি ভাঙচুর, প্রতারণার অভিযোগও রয়েছে। এক বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ, মঙ্গলবার, তাঁকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।




