• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির দুই নেতা সাসপেন্ড, ৭ দিনের মধ্যে জবাব তলব

ইতিমধ্যেই রাজ্যজুড়ে শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে শোকজ ও সাময়িক সাসপেনশনের মতো ব্যবস্থা নেওয়া হয়েছে

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির দুই নেতা সাসপেন্ড, ৭ দিনের মধ্যে জবাব তলব

প্রতীকী ছবি

ভোট-পরবর্তী হিংসা এবং একাধিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের কড়া পদক্ষেপ নিল বিজেপি। বর্ধমান উত্তর ও দক্ষিণ বিধানসভার দুই নেতাকে শোকজ নোটিস পাঠানোর পাশাপাশি সাময়িকভাবে বরখাস্ত করেছে দল। আগামী ৭ দিনের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁরা দলের কোনও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান দক্ষিণের বিজেপি নেতা সুমিত দত্ত এবং বর্ধমান উত্তরের নেতা রামানন্দ মজুমদারের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক দোকান দখলের চেষ্টা-সহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায় তাঁদের কাছে শোকজ নোটিস পাঠিয়েছেন।

রাজ্যে সরকার গঠনের পর থেকেই দলের ভাবমূর্তি রক্ষায় কড়া অবস্থান নিয়েছে বিজেপি। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে শোকজ ও সাময়িক সাসপেনশনের মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের স্পষ্ট বার্তা, যত বড় নেতা হোন না কেন শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন।

বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র কল্যাণকুমার মাঝি বলেন, ‘দলের নীতি ও শৃঙ্খলা ভঙ্গ করলে যত বড় নেতাই হোন না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও দলবিরোধী কাজ-সহ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুমিত দত্ত। তাঁর দাবি, দলেরই একাংশ তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি যথাসময়ে শোকজের জবাব দেবেন। তবে দলের নির্দেশ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রামানন্দ।