উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার একটি ছোট কারখানা থেকে ১২ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে, যাঁদের বন্ডেড লেবার হিসেবে আটকে রাখা হয়েছিল। এই ঘটনায় দেশজুড়ে তৈরি হয়েছে আলোড়ন।উত্তর প্রদেশ, হরিয়ানা, বিহার এবং উত্তরাখণ্ড থেকে তাঁরা এসেছিলেন। এমনকি একজন এসেছেন নেপাল থেকেও। প্রায় ১৮ মাস ধরে তাঁরা এই কারখানায় বন্দি শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনাটি শুধু একটি অপরাধের খবর নয়— এটি আমাদের রাষ্ট্র, সমাজ ও মানবিক চেতনার সামনে এক নির্মম ছবি তুলে ধরেছে। যেসব মানুষ কাজের আশায় ঘর ছেড়েছিলেন, তাঁদেরই দিনের পর দিন বন্দি করে রাখা হয়েছে, মারধর করা হয়েছে, না খাইয়ে কাজ করানো হয়েছে— এ যেন স্বাধীন দেশের ভিতরেই এক অদৃশ্য দাসপ্রথার পুনরুত্থান। পুলিশ জানিয়েছে, এই শ্রমিকদের বিভিন্ন রাজ্য থেকে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল, পরিচয়পত্র পুড়িয়ে দিয়ে কারখানার ভিতরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।
দিনে মাত্র একটি করে শুকনো রুটি খেতে দেওয়া হতো তাঁদের। সামান্য প্রতিবাদ করলেই লাঠি ও ধারালো বস্তু দিয়ে মারধর করা হতো। এমনকি কারখানার নিরাপত্তার জন্য পিটবুল কুকুর ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিটি বিবরণ জানলে আমাদের শিউরে উঠতে হয়। কিন্তু আরও ভয়াবহ হল এই সত্য যে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতে প্রায় অর্ধশতাব্দী আগে বন্ধকী শ্রম বা বন্ডেড লেবার নিষিদ্ধ করা হলেও বাস্তবে তা পুরোপুরি নির্মূল হয়নি। বরং দারিদ্র্য, অশিক্ষা, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক বৈষম্যের কারণে এই প্রথা বিভিন্ন রূপে এখনও বেঁচে আছে।
দেশের বহু মানুষ এখনও প্রতিদিনের জীবিকা নির্বাহের জন্য লড়াই করছে। যখন কোনও ব্যক্তি বা পরিবার চরম আর্থিক সংকটে পড়ে, তখন তারা সামান্য আয়ের আশায় যে কোনও প্রস্তাবে রাজি হয়ে যায়। এই দুর্বলতাকেই কাজে লাগায় দালাল ও অসাধু নিয়োগকারীরা। অনেক শ্রমিকই জানেন না তাঁদের অধিকার কী, তাঁরা জানেন না যে, তাঁদের জোর করে আটকে রাখা বা মজুরি না দেওয়া আইনত অপরাধ। ফলে তাঁরা প্রতিরোধ গড়ে তুলতে পারেন না। অন্যদিকে, প্রশাসনিক ব্যবস্থার নানা সীমাবদ্ধতা ও ত্রুটিও এই সমস্যাকে জিইয়ে রাখে।
আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ সব জায়গায় সমানভাবে হয় না। স্থানীয় স্তরে নজরদারির অভাব, কখনও দুর্নীতি, কখনও উদাসীনতা— এই সব মিলিয়ে এমন অপরাধ দীর্ঘদিন ধরে আড়ালে থেকে যায়। বিশেষ করে অন্য রাজ্য থেকে আসা শ্রমিকদের অবস্থান আরও দুর্বল। তাঁদের কোনও সামাজিক সুরক্ষা থাকে না, পরিচয়পত্র কেড়ে নেওয়া হলে বা যোগাযোগ বিচ্ছিন্ন হলে তাঁরা কার্যত নিঃসহায় হয়ে পড়েন।
এই ঘটনায় উদ্ধার হওয়া শ্রমিকদের বক্তব্য শুধু শারীরিক নির্যাতনের নয়, গভীর মানসিক যন্ত্রণার কথাও উঠে এসেছে। মাসের পর মাস পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো, প্রতিনিয়ত ভয় ও অপমান সহ্য করা— এগুলি মানুষের আত্মসম্মান বোধকেই ভেঙে দেয়। একজন শ্রমিক বলেছেন, তাঁরা কারাগারের মতো অবস্থায় ছিলেন। আরেকজন জানিয়েছেন, তাঁর পরিচয়পত্র পুড়িয়ে দেওয়া হয়েছে— অর্থাৎ তাঁর অস্তিত্বকেই মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এই ঘটনা আমাদের সমাজের জন্য এক গভীর লজ্জা। আমরা যখন উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি, তখন এই ধরনের বর্বরতা সেই দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আইন থাকা সত্ত্বেও যদি বাস্তবে মানুষকে এভাবে শোষণ করা হয়, তবে সেই আইনের কার্যকারিতা নিয়েই ভাবা দরকার।
এই ঘটনার পর রাজনৈতিক ও সামাজিক স্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই একে মানবাধিকারের উপর আঘাত বলে উল্লেখ করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। সামাজিক মাধ্যমেও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। কিন্তু প্রশ্ন হল, এই ক্ষোভ কতদিন স্থায়ী হবে? অতীতে বহুবার এমন ঘটনা সামনে এসেছে, কিন্তু কয়েক দিনের মধ্যেই তা জনস্মৃতি থেকে মুছে গিয়েছে। যদি এই ক্ষোভকে দীর্ঘমেয়াদী সামাজিক ও প্রশাসনিক পরিবর্তনে রূপান্তরিত করা দরকার, নাহলে এমন ঘটনা আবার ঘটবে।
উদ্ধার হওয়া শ্রমিকদের চিকিৎসা ও মানসিক কাউন্সেলিং করানো হচ্ছে, যা অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ। কিন্তু এর পরের ধাপ আরও গুরুত্বপূর্ণ। তাঁদের পুনর্বাসন, নিরাপদ কর্মসংস্থান এবং সামাজিক পুনর্গঠন নিশ্চিত না করলে তাঁরা আবার একই শোষণের চক্রে পড়তে পারেন। রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও এখানে বড় ভূমিকা রয়েছে। সচেতনতা বাড়ানো, শ্রমিকদের অধিকার সম্পর্কে শিক্ষা দেওয়া এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে প্রশাসনকে জানানো— এ সবই জরুরি। বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনগুলিকে আরও সক্রিয় হতে হবে এবং সংবাদমাধ্যমকে এই ধরনের ঘটনা সামনে এনে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মুজফ্ফরনগরের এই ঘটনা আমাদের সামনে এক নির্মম সত্য তুলে ধরে— স্বাধীনতার এত বছর পরও আমরা কি সত্যিই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পেরেছি? যদি এখনও মানুষকে দাসের মতো জীবনযাপন করতে হয়, তবে আমাদের উন্নয়ন কতটুকু সার্থতা পায়? এই ঘটনা শুধুমাত্র কয়েকজন অপরাধীর নয়, এটি আমাদের সমষ্টিগত ব্যর্থতার প্রতিফলন। যতদিন না আমরা দারিদ্র্য, বৈষম্য এবং অশিক্ষার বিরুদ্ধে কার্যকরভাবে সাফল্য লাভ করতে পারছি, ততদিন এই ধরনের শোষণ বন্ধ হবে না। তাই এই ঘটনাকে শুধুমাত্র একটি সংবাদ হিসেবে না দেখে একটি সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা উচিত। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, স্বাধীনতার এত বছর পরেও মানবিকতা, ন্যায় এবং মর্যাদা রক্ষার লড়াই এখনও শেষ হয়নি। রাষ্ট্র, সমাজ এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত ও সহানুভূতিশীল প্রচেষ্টাই পারে একটি সত্যিকারের মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে।