দুই বছর পেরিয়ে গেলেও এখনও মেলেনি বিচার। ২০২৩ সালে নদিয়ার কালিয়াগঞ্জে বোমার আঘাতে প্রাণ হারানো তামান্নার মৃত্যুকে ঘিরে একসময় উত্তাল হয়েছিল রাজ্যের রাজনীতি। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ এবং হতাশা রয়ে গিয়েছে পরিবারের মধ্যে। সেই আবহেই মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তামান্নার মা।
বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তামান্নার মায়ের, বিচারের আশ্বাস শুভেন্দুর
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মেয়ের মৃত্যুর ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি। ঘটনার পর থেকে কীভাবে ন্যায়বিচারের অপেক্ষায় দিন কাটছে, সেই কথাও জানান। সাক্ষাতের পর তামান্নার মা বলেন, তিনি মুখ্যমন্ত্রীর আশ্বাসে আস্থা রাখছেন। শুভেন্দু অধিকারী তাঁকে জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্ত কেউই রেহাই পাবে না এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুধু তামান্নার পরিবারই নয়, এদিন আর এক আলোচিত ঘটনার নির্যাতিতার পরিবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। অনিষ্কার বাবা-মাও তাঁদের দাবি ও অভিযোগ তুলে ধরেন। সূত্রের খবর, দুই পরিবারের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন যে, বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
বিধানসভায় এদিনও নারী নির্যাতন ও অপরাধ সংক্রান্ত বিভিন্ন ঘটনার প্রসঙ্গ ওঠে। সেই আবহে তামান্না ও অনিষ্কার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ নতুন করে বিচার পাওয়ার আশাকে উস্কে দিয়েছে। পরিবারগুলির প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার পর এবার অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দেখা যাবে এবং বহুদিনের ন্যায়বিচারের লড়াই শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখবে।