• facebook
  • twitter
  • youtube
Tuesday, 23 June, 2026

হেফাজতে থাকা তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে ঘোরালো পুলিশ

ফলতার পর এবার সালানপুরে, জনতার মনে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন

ফলতার জাহাঙ্গির খানের ছায়া এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুরে! হাফ প্যান্ট পরিয়ে ধৃত তৃণমূল নেতা ভোলা সিংকে রাস্তায় হাঁটাল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ফলতার পরে সালানপুরে পুলিশি হেফাজতে থাকা এলাকার এক সময়ের দাপুটে প্রভাবশালী রাজনৈতিক নেতাকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চরম শোরগোল ছড়াল রূপনারায়ণপুরে।

সালানপুর ব্লকের রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিজয় সিং ওরফে ভোলা সিংকে নিয়ে পুলিশের এই কাজ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার একটি পাথর খাদান সংক্রান্ত মামলায় সালানপুর থানার পুলিশ তৃণমূল নেতা বিজয় সিং ওরফে ভোলা সিংকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতে থাকাকালীনই এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল রূপনারায়ণপুরবাসী।
সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ভোলা সিংকে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে সবজি বাজার পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। পরনে সাধারণ হাফ প্যান্ট, আর চারধারে পুলিশের কড়া নিরাপত্তা। এই অবস্থায় তৃণমূল নেতাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতার একাংশের মধ্য থেকে ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে।
এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন উঠতে শুরু করেছে যে, পুলিশি হেফাজতে থাকাকালীন কোনও অভিযুক্তকে এভাবে রাস্তায় হাঁটানো বা ‘রোড শো’ করানো কি আদৌও আইনসম্মত? এই নিয়ে যখন প্রশাসনিক ও সাধারণ মহলে চর্চা তুঙ্গে, তখন এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।পুলিশের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছে গেরুয়া শিবির।
এই বিষয়ে বিজেপি নেতা বাবন মণ্ডল এবং সালানপুর মণ্ডল-৪ এর সভাপতি চিন্ময় তেওয়ারি প্রতিক্রিয়া দিয়ে বলেন, তৃণমূলের রাজত্বকালে সালানপুর ব্লক জুড়ে তৃণমূল নেতা বিজয় সিং ওরফে ভোলা সিংয়ের অত্যাচারের সীমা ছিল না। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। পুলিশ এদিন যা করেছে, অত্যন্ত ভালো কাজ করেছে।
এই ঘটনার পর সালানপুরে আর কেউ নতুন করে ‘ভোলা সিং’ হওয়ার সাহস দেখাবে না, এটা নিশ্চিত।ফলতার পর সালানপুরের এই ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা এবং পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই নিয়ে পুলিশের উচ্চপদস্থ কোনও আধিকারিক কোন মন্তব্য করতে চাননি।