• facebook
  • twitter
  • youtube
Monday, 22 June, 2026

রাজ্যে চলছে ডিম থেরাপি, মুখ খুলে কড়া বার্তা দিলেন শমীক ভট্টাচার্য

পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শিক্ষা-ভিত্তিক এই আয়োজনে হাজার হাজার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাবিদ একত্রিত হন

আলিপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়ে রাজ্যের নানা সাম্প্রতিক বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভারতবর্ষ প্রথম দেশ যারা প্রথম দেশের মাটিতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। মানুষের মানবিকতার সুযোগ দিয়েছে। এমনকী বিভিন্ন সময় জাতপাতের নামে বজ্জাতি হয়েছে। যা সকলের চেষ্টায় দূরে সরিয়ে দেওয়া গিয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে রাজ্যে বিরোধীদের উপর যে ডিম থেরাপি চলছে তা নিয়েও মুখ খোলেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ।

মঞ্চে যিনি সঞ্চালক ছিলেন তাঁর উদ্দেশে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘গত ১৫ বছর কথা বললে বিশ্বাস করতে পারতাম না যে, আমি রাজনীতি করি। অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর মতো আমার অনেকগুলি পরিচয় নেই। আমার একটাই পরিচয় আমি একজন রাজনৈতিক কর্মী। দিনের শেষে আমি রাজনৈতিক কর্মীই থাকি।’

এখানেই ডিম থেরাপি প্রসঙ্গ মুখ খোলেন তিনি। শমীক ভট্টাচার্য বলেন, ‘এমন একটি সহকর্মী এবং যাঁরা একসময় পাশে ছিলেন, ডিম বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কাউকে আজ তাঁদের এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। এটা সমাজে কাম্য নয়। এটা কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। একটা মানুষকে লক্ষ্য করে পচা ডিম মারা উচিত নয়। এটার প্রতিবাদ হওয়ার প্রয়োজন। এটা পশ্চিমবঙ্গ নয়, এটা আমার চেনা জগৎ নয়, এর বাইরে সকলকে বের করে নিয়ে আসতে হবে।’

সোমবার আনুষ্ঠানিকভাবে এডুকেশন এক্সপো ২০২৬ শুরু হয়েছে। পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শিক্ষা-ভিত্তিক এই আয়োজনে হাজার হাজার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাবিদ একত্রিত হন। এখানেই বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, ‘শিক্ষাঙ্গনের মঞ্চ থেকে আমার দলকে (বিজেপি) ভোট দেওয়া, কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের দলকে সমর্থন করা অথবা আমাকে সমর্থন করতে আহ্বান জানাতে আপনাদের কাছে আসিনি। আপনারা ৩০০টি স্কুল থেকে এসেছেন। আপনাদের জীবনের সর্বাত্মক সাফল্য কামনা করছি। তারই সঙ্গে সচেতন হতে হবে নিজেদেরকে। রাজনৈতিক সচেতন হোক বা অর্থনৈতিক সচেতন, সামাজিক সচেতনতাই হোক প্রতিবাদ করবেন। সমালোচনাও করবেন নিজের কথা নিজের মতো করে। কোন রক্তচক্ষুর সামনে মাথা নত করবেন না। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আছে গত তিন চার বছরে আপনারা দেখেছেন। আজ তারা কত সুন্দরভাবে তাদের নীরবে নিভৃতে সুখী গৃহকোণের আশ্রয়ে, দেখতে পেয়েছেন রাস্তায় কেউ নেই।’

এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিশিষ্ট ভারতীয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সর্দার হরনজিৎ সিং এবং ডিরেক্টর সর্দার সীমারপ্রীত সিং।