• facebook
  • twitter
  • youtube
Monday, 22 June, 2026

তামিলনাড়ুতে টর্নেডো! ভাইরাল ভিডিয়োতে প্রকাশ্যে ঝড়ের তাণ্ডব

ভাগাইকুলাম টোল প্লাজ়ার কাছে থাকা একটি বেসরকারি বিনোদন পার্কও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তামিলনাড়ুর থুথুকুডি জেলায় টর্নেডোর দাপট। রবিবার সন্ধ্যায় হঠাৎই সেখানে টর্নেডোর মতো বিধ্বংসী ঝড় ওঠে। ইতিমধ্যেই সেশ্যাল মিডিয়ায় ঝড়ের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ধুলো ও আবর্জনার বিশাল ঝড়ের স্তম্ভ গোলাকার হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। তবে অনেকেই এটাকে টর্নেডো মনে করলেও আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এই ঝড় টর্নেডো নয়। মেঘ ও ঝড়ের জন্য তৈরি হওয়া শক্তিশালী বজ্রঝড় মাত্র।

রবিবার এই ঝড়ের দাপটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গ্রাম। থুথুকুডি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভাগাইকুলাম ও মুদিবৈথানেন্দল গ্রামের একাধিক বাড়ি, টোল প্লাজা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি গ্রামের প্রায় ২০০টি বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। একাধিক গাছও উপড়ে পড়েছে। ভাগাইকুলাম টোল প্লাজ়ার কাছে থাকা একটি বেসরকারি বিনোদন পার্কও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গিয়েছে, ওই ঝড়ের পরে সেই বিনোদন পার্কের একাধিক রাইড ভেঙে গিয়েছে। টোল প্লাজার কাচ, কম্পিউটার এবং অন্যান্য জিনিসপত্রও ভেঙে গিয়েছে। এর জন্য কর্তৃপক্ষ আপাতত ট্যাক্স নেওয়া বন্ধ রেখেছে। স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের তাণ্ডবের পরে ভাগাইকুলাম ও মুদিবৈথানেন্দল গ্রামে বেশ কয়েকজন জখম হয়েছেন। তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

নভদীপ দাহিয়া নামে এক আবহাওয়া বিশেষজ্ঞ ঝড়ের সেই ভয়াবহ মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি সেই ভিডিয়োতে লিখেছেন, তামিলনাড়ুর থুথুকুডি বিমানবন্দরের কাছে টর্নেডোর দেখা মিলেছে। মানুষ জানেন না তাঁরা কীসের সাক্ষী থাকছেন। ওই টর্নেডোর ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭০-২২০ কিলোমিটার। আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একটি পোস্টে লিখেছেন, থুথুকুডিতে টর্নেডোর দেখা মিলেছে। এটা অত্যন্ত বিরল।