• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

তৃণমূলের রেজোলিউশনের কপি আসল না নকল? তদন্ত করে দেখছে সিআইডি

সই জালকাণ্ডে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার যায় সিআইডির ৬ তদন্তকারী আধিকারিক। ওইদিন বারবার চক্রান্তের অভিযোগ তোলেন শোভনদেব

বিধানসভার সই জালকাণ্ডের সংগৃহীত রেজোলিউশনের কপি আসল না নকল এবার তা নিয়েও তদন্ত শুরু করল সিআইডি। ২০ তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তৃণমূলের আভ্যন্তরীণ বৈঠকের রেজোলিউশন কপি সংগ্রহ করেছিলেন সিআইডির তদন্তকারীরা। ২১ তারিখ তা নিয়েই শুরু হযেছে চুল চেরা বিশ্লেষণ।

প্রাক্তন মন্ত্রী ২০ তারিখ সিআইডিকে বলেছিলেন এক বিধায়ক বাদে বাকিরা সবাই সই করেছিলেন ওই রেজোলিউশনে। এবার সেই সইগুলোও আসল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই তদন্তে প্রয়োজনে আরও বেশ কয়েকজনকে ডেকে ডিজ্ঞাসাবাদ করা হবে বলেও শোনা যাচ্ছে।

সূত্রের খবর, সিআইডির হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞরা ওই রেজোলিউশনের কপি খতিয়ে দেখা শুরু করেছেন। প্রতিটা অক্ষর এবং হাতের লেখার নমুনা পরীক্ষা করে দেখছেন তাঁরা। তবে একটাই প্রশ্ন বারবার উঠছে, তা হল যে রেজোলিউশন নিয়ে এত সময় ধরে এত জল ঘোলা হল, সেই দলিল এতদিন পরেই বা কেন তদন্তকারীদের হাতে তুলে দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

সই জালকাণ্ডে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার যায় সিআইডির ৬ তদন্তকারী আধিকারিক। ওইদিন বারবার চক্রান্তের অভিযোগ তোলেন শোভনদেব। তৃণমূলের বিরোধী দলনেতা নির্বাচনে সই জাল নিয়ে বিদ্রোহী হয়ে ওঠেন তৃণমূলের বড় অংশের বিধায়করা। তৈরি হয় দুটি আলাদা গোষ্ঠী। তৃণমূল বিধায়করা নাম লেখাতে শুরু করেন বিরোধী শিবিরে।

সই জাল করা হয়েছে বলে বিধানসভার অধ্যক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করে তৃণমূলের বিরোধী শিবির। সেই অভিযোগের তদন্তভার প্রথমে যায় হেয়ার স্ট্রিট থানায়। পরবর্তীতে তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জেরা করে সিআইডি। জেরা করা হয় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়কেও।