• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

৪ বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়ায় তৃণমূলের ব্যয় প্রায় ১৫০ কোটি টাকা

রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে বিমান ভাড়ায় খরচ হয়েছিল ৩৫ কোটির বেশি টাকা

প্রতীকী চিত্র

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তৃণমূল কংগ্রেসের গত চার বছরের অডিট রিপোর্টে দেখা গিয়েছে, বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ দলের মোট খরচ প্রায় ১৫০ কোটি টাকা। দলীয় সূত্রের দাবি, এই খরচের একটি বড় অংশ হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের জন্য। কারণ, নির্বাচনের সময় বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বিমান বা হেলিকপ্টার ব্যবহার করেন।

রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে বিমান ভাড়ায় খরচ হয়েছিল ৩৫ কোটির বেশি টাকা। ২০২৩ সালে সেই খরচ কমে প্রায় ১৩ কোটিতে নেমে এলেও, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বছরে তা বেড়ে দাঁড়ায় ৫৬ কোটিরও বেশি। ২০২৫ সালে বড় কোনও নির্বাচন না থাকলেও বিমান ভাড়ার খাতে ব্যয় হয়েছে ৩৭ কোটির বেশি।

লোকসভা নির্বাচন উপলক্ষে ২০২৪ সালে তৃণমূলের মোট নির্বাচনী ব্যয় ছিল প্রায় ৮২ কোটি টাকা, যার মধ্যে প্রায় ৪৬ কোটি টাকা খরচ হয়েছে বিমান ভাড়ার পিছনে। অর্থাৎ, নির্বাচনী ব্যয়ের অর্ধেকেরও বেশি এই খাতেই ব্যয় হয়েছে।

এই বিপুল ব্যয় নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষও দলীয় তহবিল থেকে প্রাইভেট জেট ব্যবহারের বিরোধিতা করেছেন। বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন তুলেছেন, যখন বহু কর্মী আইনি সহায়তার জন্য আর্থিক সাহায্য পাচ্ছেন না, তখন এমন ব্যয় কতটা যুক্তিযুক্ত।

এদিকে, শুক্রবার তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। ফলে ভবিষ্যতে দলের ব্যয়নীতি ও বিমান ব্যবহারের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।