• facebook
  • twitter
  • youtube
Thursday, 18 June, 2026

জল জীবন মিশন বৈঠকে জেলাশাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশ নেন।

বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, শুধুমাত্র বাড়িতে জলের সংযোগ পৌঁছে দিলেই দায়িত্ব শেষ নয়। জল জীবন মিশনের আওতায় যেসব পরিবারে ইতিমধ্যে সংযোগ দেওয়া হয়েছে, সেখানে নিয়মিতভাবে কল থেকে জল পড়ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এজন্য জেলাশাসকদের সরাসরি মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে জলের সংযোগ দেওয়া হলেও বাস্তবে সেই পরিবারগুলি পরিষেবা পাচ্ছে কি না, তা যাচাই করা জরুরি। প্রশাসনের শীর্ষ কর্তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের বাস্তব অবস্থা পর্যালোচনা করতে হবে এবং যেসব এলাকায় সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে।

বৈঠকে জল জীবন মিশনের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, প্রকল্পের আওতায় ইতিমধ্যে যেসব পরিবারে পানীয় জলের সংযোগ পৌঁছেছে, তাঁদের প্রত্যেককে নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পের বাকি কাজ দ্রুত সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলেন, জল জীবন মিশনের বিভিন্ন সূচকে পশ্চিমবঙ্গ এখনও পিছিয়ে রয়েছে। তিনি জানান, প্রকল্পের একাধিক গুরুত্বপূর্ণ মানদণ্ডে রাজ্যের আরও উন্নতির প্রয়োজন রয়েছে। সেই কারণেই জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আরও সক্রিয়ভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

বৈঠকে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, জল জীবন মিশনের অধীনে নতুন কিছু উদ্যোগ ও কর্মপরিকল্পনাও গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকার প্রতিটি পরিবার যাতে নিরাপদ পানীয় জল পায়, সেই লক্ষ্যেই আগামী দিনে প্রকল্পের কাজ আরও জোরদার করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।