• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

কুণালের উপর ডিম হামলা নিয়ে শাহকে চিঠি সৌগত রায়ের

সৌগত রায় তাঁর চিঠিতে উল্লেখ করেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

কালীঘাটে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি একটি চিঠিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা, পার্টি অফিস ভাঙচুর এবং ডিম ছোঁড়ার মতো ঘটনার উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আবেদন জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হওয়ার সময় কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। এই ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই বিষয়কে কেন্দ্র করেই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তৃণমূল সাংসদ। এই চিঠির শুরুতে মাওবাদী দমন অভিযানে সাফল্যের জন্য অমিত শাহকে শুভেচ্ছা জানালেও পরে তিনি বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, বিজেপি এখন রাজ্যের ক্ষমতায় রয়েছে এবং তাই আইন-শৃঙ্খলা বজায় রাখা ও শান্তি প্রতিষ্ঠার দায়িত্বও তাদেরই।

সৌগত রায় তাঁর চিঠিতে উল্লেখ করেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠছে। পাশাপাশি একাধিক নেতা, বিধায়ক ও জনপ্রতিনিধির উপর ডিম ছোঁড়ার ঘটনাও ঘটছে। তিনি দাবি করেন, এসব ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়ে তিনি বলেছেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক হিংসা ও আক্রমণের ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন। কুণাল ঘোষের উপর হামলার ঘটনাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলেও উল্লেখ করেছেন।