• facebook
  • twitter
  • youtube
Tuesday, 16 June, 2026

ফের সিআইডি দপ্তরে অভিষেক, ‘ডিজে’ মন্তব্যের জেরে এবার ভবানী ভবনে

আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি নির্ধারিত সময় ১২টার ২ মিনিট আগেই ভবানীভবনে পৌঁছন

পরপর তিন দিন ধরে বিভিন্ন মামলায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারের সময় বিজেপিকে উদ্দেশ্য করে করা ডিজে বাজানো মন্তব্যের জেরে মঙ্গলবার তাঁকে সিআইডি অফিসে হাজিরা দিতে হল।

এদিন সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন অভিষেক। আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি নির্ধারিত সময় ১২টার ২ মিনিট আগেই ভবানীভবনে পৌঁছন। তাঁর উপস্থিতিকে ঘরে সিআইডি সদর দপ্তরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়ের করা ছিল।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, মামলার অগ্রগতি ও বিভিন্ন দিক খতিয়ে দেখতে অভিষেকের জন্য একটি বিস্তারিক প্রশ্নতালিকা প্রস্তুত করা হয়েছে। একাধিক আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং তাঁর বক্তব্যও রেকর্ড করা হতে পারে। এর আগে বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডির মুখোমুখি হয়েছিলেন তিনি। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেন। সেই মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। সেই সময় অভিষেক বলেছিলেন, ৪ মে-র পর তৃণমূল আবার ক্ষমতায় ফিরলে বিজেপি নেতাদের বাড়ির সামনে ডিজে বাজানো হবে। বিরোধীদের অভিযোগ, এই মন্তব্য ছিল রাজনৈতিক হুমকির ইঙ্গিত।

সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে বিধাননগর সাইবার থানায় মামলা দায়ের হয়। পরে তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। গত শুক্রবার তদন্তকারীরা তাঁর বাড়িতে গিয়ে সমনের নোটিস দেন।

অন্যদিকে, এদিন অভিষেক ভবনীভবনে পৌঁচনোর আগেই মামলার অভিযোগকারী রাজীব সরকার সেখানে হাজির হন। তিনি স্বেচ্ছায় তদন্তকারীদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, প্রয়োজন হলে তিনি ভবিষ্যতে আদালতের দ্বারস্থ হবেন।