গরমের মধ্যে নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর দিল রেল। শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেনের স্টপেজ সংখ্যা বাড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে যাত্রীদের তরফে শিমুরালি, হালিশহর, কাঁকিনাড়া, জগদ্দল ও ইচ্ছাপুর স্টেশনে ট্রেনের স্টপেজের দাবি করা হচ্ছিল। সেই দাবি মেনে পূর্ব রেল পরীক্ষামূলকভাবে এই পাঁচটি স্টেশনে এসি লোকালের স্টপেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
রেলের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে ৩১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু থাকবে। এরপর যাত্রীদের সাড়া ও প্রয়োজনের ভিত্তিতে স্থায়ীভাবে স্টপেজ চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, পূর্ব রেলের প্রথম এসি লোকাল হিসেবে শিয়ালদহ-রানাঘাট রুটে এই ট্রেন চালু হয়েছিল। অফিসযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সকালে ও সন্ধ্যায় পরিষেবা দেওয়া হলেও, সীমিত সংখ্যক স্টেশনে দাঁড়ানোর কারণে বহু যাত্রী অসুবিধার অভিযোগ করছিলেন। অবশেষে সেই সমস্যার সমাধানে এগিয়ে এল রেল কর্তৃপক্ষ।
নতুন সূচি অনুযায়ী, শিয়ালদহ থেকে ছাড়া ৩১৬৩৭ নম্বর এসি লোকাল সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে ইচ্ছাপুর, ৭টা ৩৯ মিনিটে জগদ্দল মিনিটে জগদ্দল, ৭টা ৪২ মিনিটে কাঁকিনাড়া এবং ৭টা ৫৪ মিনিটে হালিশহরে পৌঁছবে। শিমুরালি স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে রাত ৮টা ১২ মিনিটে।
অন্যদিকে, রানাঘাট থেকে ছাড়া সকালের এসি লোকাল শিমুরালি স্টেশন ছাড়বে সকাল ৮টা ৪৫ মিনিটে। এরপর হালিশহর, কাঁকিনাড়া, জগদ্দল ও ইচ্ছাপুর স্টেশন থেকে যথাক্রমে সকাল ৯টা ২ মিনিট, ৯টা ১৩ মিনিট, ৯টা ১৬ মিনিট এবং ৯টা ২৩ মিনিটে যাত্রা করবে। রেল কর্তৃপক্ষের আশা, অতিরিক্ত পাঁচটি স্টেশনে স্টপেজ চালু হওয়ায় প্রতিদিনের যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।




