• facebook
  • twitter
  • youtube
Friday, 12 June, 2026

আজ মালদহে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

নির্ধারিত সূচি অনুযায়ী, মালদহ কলেজের অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন

আজ মালদহে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, মালদহ কলেজের অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মালদহ ও মুর্শিদাবাদে নদী ভাঙন এবং বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি চার জেলার সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সীমান্তবর্তী এলাকার জমি সংক্রান্ত বিষয়গুলিও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী ২০ মে প্রথমবার উত্তরবঙ্গ সফর করেন। এই সফরে তিনি শিলিগুড়ির প্রশাসনিক সভাঘর উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক করেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এই পাঁচটি জেলার সামগ্রিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলার খতিয়ান নিয়ে বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার এবং উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী ছাড়াও এই বৈঠকে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ ছাড়াও অন্যান্য বিজেপি নেতারা।