একের পর এক তৃণমূল নেতার গ্রেপ্তারি ঘিরে যখন রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে, তখন দলেরই তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য সমাজমাধ্যমে এক বিস্ফোরক মন্তব্য করলেন। সাফ জানালেন, এই সব চোর, তোলাবাজ, দুর্নীতিগ্রস্তদের গ্রেপ্তারে তিনি খুব খুশি। দেবাংশুর এই পোস্ট তৃণমূলের অন্দরে নতুন করে বিতর্কের জন্ম দিল। দলের কোনও নেতার নাম সরাসরি উল্লেখ না করলেও, দুর্নীতি, তোলাবাজি এবং মানুষের উপর অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতাকে কার্যত তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেবাংশু।
শনিবার ফেসবুকে করা এক পোস্টে দেবাংশু লেখেন, ‘কিছু চোর, ডাকাত, তোলাবাজদের গ্রেপ্তার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়।’ এরপর আরও কড়া ভাষায় তিনি অভিযোগ করেন, কিছু নেতা নিজেদের জেলাকে ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতেন। প্রশাসনকেও নিজেদের ইচ্ছামতো পরিচালনা করতেন। তাঁর দাবি, সাধারণ মানুষকে নির্মমভাবে শোষণ করে এবং ভয় দেখিয়ে রাজনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন ওই সব নেতারা।
রাজনৈতিক মহলের অনুমান, সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া স্বরূপ বিশ্বাস, শওকত মোল্লা, সুজয় হাজরাদের মতো নেতাদের দিকেই ইঙ্গিত করেছেন দেবাংশু। সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির জন্যও এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতাদেরই দায়ী করেছেন তিনি। দেবাংশুর বক্তব্য, যাঁরা সৎভাবে রাজনীতি করেছেন, তাঁদের পক্ষে কিছু ব্যক্তির অসৎকাজের দায় বহন করা সম্ভব নয়। তিনি দলের কাছে অভ্যন্তরীণ তদন্তের দাবি জানিয়ে অভিযুক্তদের স্থায়ীভাবে দল ও সংগঠন থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
দেবাংশুর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের অনুমান, দলের বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থান ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিতও হতে পারে। যদিও এ বিষয়ে দেবাংশু বা তৃণমূল নেতৃত্বের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।




