• facebook
  • twitter
  • youtube
Sunday, 7 June, 2026

ভারত-ইন্দোনেশিয়া সম্পর্ক শক্তিশালী করতে বৈঠক দিল্লিতে

ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিওনোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সফরে ভারতে এসেছে।

ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হলো অষ্টম ভারত-ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠক। সেই বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে সহ-সভাপতিত্ব করেন ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিওনো।

বৈঠকে জয়শঙ্কর বলেন, চার বছর পর এই যৌথ কমিশন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেই অগ্রগতি হয়েছে। তিনি আরও জানান, ২০২৫ সালের জানুয়ারিতে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছিল। সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলির অগ্রগতি পর্যালোচনা করাই এবারের বৈঠকের অন্যতম প্রধান উদ্দেশ্য।

বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-কে আরও শক্তিশালী করতে দুই দেশ প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, সমুদ্র নিরাপত্তা, প্রযুক্তি এবং আঞ্চলিক সহযোগিতা-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে।

ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিওনোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সফরে ভারতে এসেছে। প্রতিনিধিদলে ইন্দোনেশিয়ার নিম্নকক্ষের প্রতিনিধি মার্লিন মাইসারাহও রয়েছেন।

ভারত ও ইন্দোনেশিয়া দুই দেশই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম গণতান্ত্রিক দেশ। গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে গভীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ভারত ও ইন্দোনেশিয়ার এই ঘনিষ্ঠতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।