• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও ভারতের উন্নয়ন অব্যাহত, দাবি রাজনাথের

শনিবার রাজনাথ সিং এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।

বিশ্বের অনেক দেশ বর্তমানে অর্থনৈতিক মন্দা, মূল্যবৃদ্ধি এবং নানান আন্তর্জাতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে ভারত তার অর্থনৈতিক উন্নয়নের গতি ধরে রেখেছে বলে জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, বর্তমানে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতি দেশগুলির মধ্যে অন্যতম।

শনিবার রাজনাথ সিং এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘গত কয়েক বছরে সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ এবং স্থিতিশীল নীতির ফলে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে।’ তিনি জানিয়েছেন, রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম নীতির ভিত্তিতেই দেশের উন্নয়ন এগিয়ে চলেছে।

সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৭.৭ শতাংশ। আগের অর্থবর্ষে এই হার ছিল ৭.১ শতাংশ। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শেষ ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৭.৮ শতাংশে পৌঁছেছে। এই পরিসংখ্যান দেখে বিশেষজ্ঞদের মত, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠছে।

রাজনাথ সিং বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ শুধু দ্রুত অর্থনৈতিক উন্নয়নই করছে না, এর পাশাপাশি স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের দিকেও গুরুত্ব দিচ্ছে। পরিকাঠামো উন্নয়ন, নতুন উদ্যোগ,  প্রযুক্তি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ফলে দেশের অর্থনীতি আরও মজবুত হয়েছে।’

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বৃদ্ধির পরিসংখ্যানকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই সাফল্য দেশের ১৪০ কোটি মানুষের পরিশ্রম ও স্বপ্নের প্রতিফলন।’ একই সঙ্গে তিনি জানান, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যবসার সুবিধা বৃদ্ধি এবং যুবকদের জন্য আরও কর্মসংস্থান তৈরি করতে সরকার কাজ চালিয়ে যাবে।

ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকলে দেশ আরও শক্তিশালী হবে বলে মনে করছে মোদী সরকার। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।