বিশ্ব পরিবেশ দিবসে ত্রিপুরা সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শুক্রবার সেখান থেকে সীমান্তবর্তী তিন রাজ্য নিয়ে কড়া বার্তা দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বিহার-সহ যেসব রাজ্য সীমান্তবর্তী সেখানের জনবিন্যাস বদল বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন শাহ। এখন এই তিন রাজ্যেই ডবল ইঞ্জিনের সরকার।
এদিকে কেন্দ্রীয় সরকার চায় ভিন দেশ থেকে মানুষজন ভারতে ঢুকে যেন জনসংখ্যা বাড়িয়ে না দেয়। তাই অমিত শাহ বলেছেন, ত্রিপুরা ও বিহার-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনবিন্যাস পরিবর্তন রোধ করতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বিহারে জনবিন্যাস পরিবর্তন বরদাস্ত করবে না। দেশের সীমান্ত সুরক্ষায় বিদ্যমান ঘাটতি পূরণে কেন্দ্র পদক্ষেপ করছে।
অন্যদিকে ত্রিপুরার লঙ্কামুরা সীমান্ত চৌকিতে বিএসএফ জওয়ানদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকারের স্মার্ট বর্ডার প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিদ্যমান ঘাটতিগুলি পূরণে কেন্দ্র সর্বাত্মক চেষ্টা করছে। ত্রিপুরা ফ্রন্টিয়ার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ত্রিপুরা হোক বা বিহার আমরা জনবিন্যাস পরিবর্তন বরদাস্ত করব না। এটা আমাদের একরোখা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে কোনওভাবেই সরে আসা হবে না।’
এছাড়া কেন্দ্রীয় বাহিনী এবং বিএসএফ জওয়ানদের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই এই দুই বাহিনীর পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচিরও ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত খুশি হয়েছি এটা দেখে, দুই বাহিনীই গাছকে নিজের ভাই, বোন, সন্তানের মতো আগলে রেখে যত্ন নিয়েছেন। সরকারি নির্দেশ পেয়ে অনুপ্রাণিত হয়ে এটা করলে চলবে না। এটা নিজেদের অভ্যাসে পরিণত করতে হবে। বিএসএফ আউটপোস্ট গড়ে তুলতে যতগুলি গাছ কাটতে হয়েছে তার থেকে বেশি গাছ লাগাতে হবে। তাহলেই আমাদের বাঁচা সম্ভব।’




