বলিউড অভিনেত্রী সীরত কাপুরের একটি রহস্যময় এবং প্রতীকী সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে। মা কালী-প্রেরিত শক্তিশালী ভিজ্যুয়াল, অমাবস্যার ইঙ্গিত এবং এক আবেগঘন কাহিনির মিশেলে তৈরি এই পোস্ট ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পোস্টটি প্রকাশের পর থেকেই অনুরাগীরা এর অন্তর্নিহিত অর্থ খুঁজতে ব্যস্ত।
‘এক সাচ্চি কাহানি সুনোগে? তো শুনো”— এই লাইন দিয়ে শুরু হওয়া দীর্ঘ বার্তাটি যেন এক পরিবারের বহু বছরের সংগ্রাম, ক্ষতি, বিশ্বাসঘাতকতা এবং পুনর্জন্মের গল্প। সেখানে এক দূরদর্শী ও উদার পিতার কথা বলা হয়েছে, যিনি শুধু একজন মানুষ ছিলেন না, ছিলেন এক স্বপ্নের প্রতীক। তাঁর মৃত্যুর পর পরিবারের ওপর নেমে আসে একের পর এক আঘাত।
পোস্টে উল্লেখ করা হয়েছে, কীভাবে সেই পরিবারের মাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাঁর সৌন্দর্যকে উপহাস করা হয়েছে, আত্মবিশ্বাসে আঘাত করা হয়েছে এবং তাঁকে শুধুমাত্র ‘বিধবা’ পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। এরপর পরিবারের ছেলের আত্মবিশ্বাস নষ্ট করারও চেষ্টা চলে। বারবার তাকে বোঝানো হয়েছে যে সে কখনও তার বাবার মতো হতে পারবে না।
তবে সমস্ত প্রতিকূলতার মধ্যেও পরিবারটি হার মানেনি। বরং নতুন করে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছে। আর গল্পের শেষ অংশে উঠে আসে পরিবারের মেয়ের কথা, যাকে কেন্দ্র করে যেন নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে পোস্টের শেষ কয়েকটি লাইন— “রোক সাকো তো রোক লো… অমাবস্যা আ রহি হ্যায়। অউর ইস বার আঁধেরা সির্ফ খামোশি নেহি লায়েগা।” মা কালীর প্রতীক, অমাবস্যার উল্লেখ এবং ন্যায়বিচার ও রূপান্তরের বার্তা অনেকের কাছেই গভীর তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে।
এই পোস্ট কোনও নতুন সিনেমা বা ওয়েব সিরিজের প্রচারের অংশ কি না, তা নিয়ে জল্পনা চলছে। আবার অনেকেই মনে করছেন, এটি সীরতের ব্যক্তিগত বা আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতীকী প্রকাশ। তবে অভিনেত্রী নিজে এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি।
রহস্য অটুট রেখেই সীরত কাপুর তাঁর পোস্টের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন— কখনও কখনও অন্ধকারই নতুন আলোর সূচনা করে। আর সেই অজানা প্রশ্নই হয়তো এই গল্পটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।




