• facebook
  • twitter
  • youtube
Wednesday, 3 June, 2026

নতুন বিরোধী দলনেতা ঋতব্রত

নতুন শিবিরের দলনেতা হিসেবে উঠে আসতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সহকারী দলনেতার দায়িত্ব পেতে পারেন সন্দীপন সাহা এবং জাভেদ খান।

Photo: File

রাজ্যের রাজনৈতিক মহলে জোর জল্পনা, ‘নতুন তৃণমূল’-এর নেতৃত্বের কাঠামো প্রায় চূড়ান্ত। সূত্রের খবর, নতুন শিবিরের দলনেতা হিসেবে উঠে আসতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সহকারী দলনেতার দায়িত্ব পেতে পারেন সন্দীপন সাহা এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জাভেদ খান।

এছাড়া বিধানসভায় দলের চিফ হুইপ পদে আখরুজ্জামানের নামও আলোচনায় রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু রাজনৈতিক মহলে সম্ভাব্য নেতৃত্ব কাঠামো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

বুধবার সকাল থেকেই বিধানসভা চত্বরে তৎপরতা বাড়তে দেখা যায় বিক্ষুব্ধ শিবিরের বিধায়কদের। একে একে সেখানে পৌঁছন একাধিক বিধায়ক। উপস্থিতদের তালিকায় রয়েছেন শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, চন্দ্রনাথ সিনহা, অরূপ রায়, জাভেদ খান-সহ রাজ্যের বিভিন্ন জেলার বেশ কয়েকজন বিধায়ক।

বিধানসভায় তাঁদের উপস্থিতি ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তোলার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। বিশেষ করে সম্ভাব্য দলনেতা, সহকারী দলনেতা এবং চিফ হুইপের নাম সামনে আসায় জল্পনা আরও তীব্র হয়েছে।

তবে সংশ্লিষ্ট নেতাদের অধিকাংশই এখনও প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। তাঁরা দাবি করছেন, বিধানসভায় তাঁদের উপস্থিতি সম্পূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক কাজের সূত্রেই। তবুও একসঙ্গে এত সংখ্যক বিধায়কের উপস্থিতি এবং নেতৃত্বের সম্ভাব্য তালিকা সামনে আসায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে নতুন মোড় নিতে পারে, তা নিয়ে আলোচনা তুঙ্গে।

এখন নজর, এই জল্পনা শেষ পর্যন্ত বাস্তব রূপ পায় কি না এবং সম্ভাব্য নতুন শিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কী ঘোষণা করা হয়।