• facebook
  • twitter
  • youtube
Tuesday, 2 June, 2026

কৃতজ্ঞতা জানিয়ে জনসেবার অঙ্গীকার দুর্নীতিতে রেয়াত নয়: রাজেশ মাহাতো

মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের একটি অতিথি নিবাসে প্রথম সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন তাঁর প্রধান দায়িত্ব

জঙ্গলমহলের মানুষের আশীর্বাদেই বিধায়ক থেকে মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন বলে জানালেন গোপীবল্লভপুরের বিধায়ক তথা নবনিযুক্ত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের একটি অতিথি নিবাসে প্রথম সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন তাঁর প্রধান দায়িত্ব।

রাজেশ মাহাতো জানান, নির্বাচনের আগে ও পরে বিভিন্ন গ্রামে ‘বিধায়ক ও জনতার মুখোমুখি’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা ও দাবি সরাসরি শুনেছেন তিনি। সেই অভিজ্ঞতায় উঠে এসেছে বহু অসমাপ্ত উন্নয়ন প্রকল্প, পরিকাঠামোগত সমস্যা এবং দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ।মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, দুর্নীতি, অনিয়ম এবং বেআইনি কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানুষের স্বার্থবিরোধী কোনও ঘটনার খবর পেলেই তা প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সাঁকরাইল এলাকায় জমি সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে বহু মানুষ অনিয়মের কারণে জমির অধিকার হারিয়েছেন। প্রকৃত জমির মালিকদের অধিকার ফিরিয়ে দিতে আইনসম্মত পদক্ষেপের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। বালি উত্তোলন নিয়েও কড়া অবস্থান নেন রাজেশ মাহাতো। তাঁর বক্তব্য, বৈধ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলা হলে আপত্তি নেই, তবে ভুয়ো নথি, মেয়াদ উত্তীর্ণ অনুমতি বা নির্ধারিত এলাকার বাইরে খনন কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এছাড়াও রোহিনী-মুড়াকাটি এলাকার ঝুঁকিপূর্ণ সেতু, আমদাই ব্রিজ এবং সুবর্ণরেখা রেলপথের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দেন তিনি। সাংবাদিক বৈঠকের শেষে জঙ্গলমহলের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজেশ মাহাতো বলেন, ‘যাঁরা আমাকে ভোট দিয়েছেন, যাঁরা দেননি, সকলের জন্যই কাজ করতে চাই।’