• facebook
  • twitter
Monday, 1 June, 2026

উদ্বাস্তু পরিবারের সন্তান থেকে রাজ্যের মন্ত্রী, দিবাকর ঘরামীর উত্থানে গর্বিত সোনামুখী

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিবাকর ঘরামী বলেন, সোনামুখীর মানুষের জন্য যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল, তা কর্মীদের সঙ্গে নিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন

রাজ্যের নতুন মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী। এক সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে তাঁর এই সাফল্য ঘিরে খুশির হাওয়া বইছে এলাকায়। রাজনৈতিক জীবনের পাশাপাশি মাটির সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এই নেতার মন্ত্রী হওয়াকে অনেকেই সোনামুখীর জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন।

দিবাকর ঘরামীর পরিবারের শিকড় বর্তমান বাংলাদেশের বরিশালে। দেশভাগের পর তাঁর দাদু-ঠাকুমা ভিটেমাটি ছেড়ে ভারতে চলে আসেন। দীর্ঘ অনিশ্চয়তার পর বাঁকুড়ার সোনামুখী ব্লকের কুরুমপুর গ্রামে বসতি গড়ে ওঠে তাঁদের। সেই পরিবারেই জন্ম ও বেড়ে ওঠা দিবাকরের। ছোটবেলা থেকেই সংসারের অভাব-অনটন দেখেছেন তিনি। কৃষিকাজ ছিল পরিবারের প্রধান ভরসা, আর সেই পরিবেশেই বড় হয়েছেন বর্তমান মন্ত্রী।

Advertisement

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিবাকর ঘরামী বলেন, সোনামুখীর মানুষের জন্য যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল, তা কর্মীদের সঙ্গে নিয়ে নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। দল যে আস্থা ও সম্মান দেখিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কথায়, সাধারণ ঘরের মানুষকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সংস্কৃতিই বিজেপির অন্যতম বৈশিষ্ট্য।

Advertisement

রাজনীতিতে সক্রিয় হওয়ার পরও কৃষিজীবনের সঙ্গে দূরত্ব তৈরি হয়নি তাঁর। ২০২১ সালে সোনামুখী থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরও নিয়মিত মাঠে যেতে দেখা গিয়েছে তাঁকে। ফসলের খোঁজ নেওয়া, জমিতে সেচের ব্যবস্থা দেখা কিংবা কৃষিকাজের তদারকি, সবই এখনও তাঁর নিত্যদিনের অভ্যাসের অংশ।

Advertisement