• facebook
  • twitter
Monday, 1 June, 2026

মন্ত্রী হলেন শঙ্কর ঘোষ, নতুন আশায় শিলিগুড়ি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে ৭৩ হাজার ১৯২ ভোটের ব্যবধানে পরাজিত করে শঙ্কর ঘোষ ফের নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন

দীর্ঘ পাঁচ বছর পর আবারও পূর্ণমন্ত্রী পেল শিলিগুড়ি। রাজ্যের নতুন মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর মন্ত্রী হওয়ার খবরে শহরজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে ৭৩ হাজার ১৯২ ভোটের ব্যবধানে পরাজিত করে শঙ্কর ঘোষ ফের নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। এর আগে ২০২১ সালে তিনি সিপিএমের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্যকে হারিয়ে রাজনৈতিক মহলে ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিতি পান। টানা দুই নির্বাচনে দুই হেভিওয়েট নেতাকে পরাজিত করে তিনি শিলিগুড়ির রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।

Advertisement

এদিন নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে শপথ অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক শঙ্কর ঘোষ। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শঙ্কর ঘোষ বলেছেন, ‘মন্ত্রী আমি হইনি, মন্ত্রী হয়েছেন যে মানুষরা আমাদের উপর প্রত্যাশা রেখে আমাদেরকে সরকার গড়ার সুযোগ দিয়েছিলেন। আমাদের প্রধান কাজ হল, মানুষের প্রত্যাশাগুলো বাস্তবের মাটিতে নামিয়ে নিয়ে আসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গের যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবের মাটিতে নামিয়ে নিয়ে আসাই লক্ষ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশিত পথেই আমরা কাজ করব।’

Advertisement

মন্ত্রীর দায়িত্ব পেয়ে শিলিগুড়ির উন্নয়ন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শিলিগুড়ি শহরের কিছু নির্দিষ্ট সমস্যা রয়েছে। ট্রাফিক জ্যামের সমস্যা, পানীয় জলের সমস্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্য়া, কলোনি অঞ্চলে মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন সমস্যা নিয়েই কাজ করতে চান তিনি। এর পাশাপাশি নারী সুরক্ষা, চাকরির সুযোগ বৃদ্ধি, আইনশৃঙ্খলা এই বিষয়গুলোর উপরে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। সাত কোটি মানুষের প্রত্যাশা পূরণের কেন্দ্র হিসেবে শিলিগুড়ি শহরকে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

পেশায় শিক্ষক শঙ্কর ঘোষ সাধারণ জীবনযাপন ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য পরিচিত। সেই কারণেই শহরের এক বড় অংশের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। তাঁর মন্ত্রী হওয়ার খবরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও শুভেচ্ছা জানিয়েছেন। প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য এবং গৌতম দেব দু’জনেই আশা প্রকাশ করেছেন যে, শঙ্কর ঘোষ মানুষের প্রত্যাশা পূরণ করে শিলিগুড়ির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

শহরবাসীরও প্রত্যাশা, মন্ত্রী হিসেবে তিনি স্বাস্থ্য, শিক্ষা, ট্রাফিক ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ নজর দেবেন। পাশাপাশি উত্তরবঙ্গে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির ক্ষেত্রেও তিনি উদ্যোগী হবেন বলে আশা করছেন অনেকেই।

Advertisement