• facebook
  • twitter
Monday, 1 June, 2026

খাদ্যভবনে চারতলা থেকে পড়ে গুরুতর জখম যুগ্মসচিব

হাসপাতাল সূত্রে খবর, ট্রমা কেয়ার ইউনিটে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক

খাদ্যভবনে ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা। সোমবার সকালে চারতলা থেকে নিচে পড়ে গুরুতর জখম হন কৃষি বিপণন বিভাগের যুগ্মসচিব ইন্দ্রজিৎ ভট্টাচার্য। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। জানা গিয়েছে, সকাল প্রায় ১০টা নাগাদ খাদ্যভবনে কর্মব্যস্ততার মধ্যেই হঠাৎ একটি বড় শব্দ শুনতে পান কর্মীরা। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁরা দেখতে পান, সিঁড়ির পাশের একটি অংশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ইন্দ্রজিৎ ভট্টাচার্য। তিনি চারতলার সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে গিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান।

সহকর্মীরাই দ্রুত তাঁকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, ট্রমা কেয়ার ইউনিটে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ খাদ্যভবনে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি উপস্থিত কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

Advertisement