• facebook
  • twitter
Tuesday, 26 May, 2026

জেআরডি টাটার ব্যক্তিত্বে মুগ্ধ নাসিরুদ্দিন শাহ, নতুন ধারাবাহিক নিয়ে বাড়ছে আগ্রহ

রবি গ্রেওয়ালের পরিচালনায় তৈরি এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন করণ ব্যাস

ভারতীয় শিল্প জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব জেআরডি টাটার চরিত্রে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নতুন ধারাবাহিক ‘মেড ইন ইন্ডিয়া — আ টাইটান স্টোরি’-র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অভিনেতা জানালেন, জেআরডি টাটার শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্ব তাঁকে গভীরভাবে আকৃষ্ট করেছে। মানুষের ভিতরে লুকিয়ে থাকা সম্ভাবনা চিনে নিয়ে তাদের উৎসাহ দেওয়ার বিরল ক্ষমতা ছিল তাঁর বলেও মন্তব্য করেন নাসিরুদ্দিন।

মঙ্গলবার প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের ট্রেলার। সেখানে দেখানো হয়েছে কীভাবে এক সাহসী ভাবনা ধীরে ধীরে দেশের অন্যতম সফল ভোক্তা ব্র্যান্ডে পরিণত হয়। ভারতের ঘড়ি শিল্পে টাইটানের উত্থানের গল্পই এই ধারাবাহিকের মূল বিষয়। লেখক বিনয় কামাথের জনপ্রিয় বইকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই প্রযোজনা।

Advertisement

নাসিরুদ্দিন শাহ বলেন, ‘জেআরডি টাটার মধ্যে সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করেছে তাঁর আত্মবিশ্বাস। তিনি মানুষকে নিজের সীমার বাইরে গিয়ে স্বপ্ন দেখতে শেখাতেন। কার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে, তা বুঝে নিয়ে তাঁদের উপর ভরসা রাখতেন। আজকের সময়ে এমন গুণ খুব কম মানুষের মধ্যেই দেখা যায়।’

Advertisement

অভিনেতার কথায়, এই ধারাবাহিক শুধুমাত্র একটি ব্র্যান্ড তৈরির গল্প নয়। এটি আসলে বিশ্বাস, সাহস এবং নতুন ভাবনার পাশে দাঁড়ানোর কাহিনি। তিনি জানান, জেআরডি টাটার চরিত্রে অভিনয় করা তাঁর কাছে অত্যন্ত স্মরণীয় অভিজ্ঞতা।

ধারাবাহিকে জেরক্সেস দেশাইয়ের ভূমিকায় অভিনয় করছেন জিম সার্ভ। তাঁর মতে, এই গল্পের মূল শক্তি মানুষের জেদ এবং দূরদৃষ্টি। তিনি বলেন, ‘জেরক্সেস দেশাই এমন একজন মানুষ ছিলেন, যিনি প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করতে ভয় পেতেন না। অন্যরা যা ভাবতে পারেননি, তিনি তা কল্পনা করার সাহস দেখিয়েছিলেন।’

ধারাবাহিকটি এমন এক সময়ের প্রেক্ষাপটে তৈরি, যখন দেশ অর্থনৈতিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে ছিল। উদার অর্থনীতির আগের ভারতের ব্যবসা, শিল্প এবং স্বপ্নকে কেন্দ্র করেই এগোবে কাহিনি। নির্মাতাদের দাবি, দেশের উৎপাদন এবং নকশা শিল্পের বিকাশের যে স্বপ্ন বর্তমানে গুরুত্ব পাচ্ছে, এই গল্প তারই এক প্রাথমিক অধ্যায়ের প্রতিফলন।

রবি গ্রেওয়ালের পরিচালনায় তৈরি এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন করণ ব্যাস। প্রযোজনার দায়িত্বে রয়েছে অলমাইটি মোশন পিকচার্স। আগামী ৩ জুন থেকে একটি জনপ্রিয় ডিজিটাল মাধ্যমে দেখা যাবে ‘মেড ইন ইন্ডিয়া — আ টাইটান স্টোরি’।

Advertisement