• facebook
  • twitter
Sunday, 24 May, 2026

‘তৃণমূল এখন শুধু নামেই আছে’, বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের

শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দাবি করলেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অস্তিত্ব মুছে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তৃণমূল এখন শুধু নামেই টিকে আছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে এই দলের অস্তিত্ব মুছে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সুকান্ত। পরে সেবক রোডের একটি অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানান তিনি। সেই অনুষ্ঠান শেষে রাজনৈতিক প্রশ্ন উঠতেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা।

Advertisement

সুকান্ত বলেন, ‘তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। আগামী দিনে এই দল কোথায় থাকবে, সেটা সময়ই বলবে।’ ফলতা পুনর্নির্বাচনে বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসা প্রসঙ্গে তিনি জানান, এখনও বাংলার মানুষ বিজেপিকেই প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে গ্রহণ করেছে। তিনি আরও দাবি করেন, তৃণমূলের বহু নেতা এখন দিশেহারা হয়ে পড়েছেন। দলের ভিতরে অনিশ্চয়তা বাড়ছে এবং অনেকেই দল ছেড়ে বেরিয়ে আসছেন বলেও মন্তব্য করেন বিজেপি নেতা।

Advertisement

এদিন রাহুল গান্ধির মন্তব্য নিয়েও কটাক্ষ করেন সুকান্ত। তাঁর বক্তব্য, ‘রাহুল গান্ধি কী বললেন, তাতে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘এখন প্রচণ্ড গরম, তাই ওঁর কয়েকদিন বিদেশ সফরে যাওয়া উচিত।’ আত্মবিশ্বাসের সুরে তিনি দাবি করেন, বাংলার মানুষ বিজেপিকেই প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে গ্রহণ করেছে। তাঁর কথায়, ‘আগামী ২০ থেকে ২৫ বছর বাংলার মানুষ বিজেপিকেই ক্ষমতায় রাখবে।’

Advertisement