বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে আগামী ১২ জুন মুক্তি পেতে চলেছে নতুন অরিজিনাল সিরিজ ‘কুইন্স’। ইতিমধ্যেই সিরিজটিকে ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে কৌতূহল। এই সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী এবং পরিচালনায় রয়েছেন নির্ঝর মিত্র। আগামী ২২ মে, শুক্রবার মুক্তি পাবে সিরিজটির টিজারও।নারীকেন্দ্রিক এই থ্রিলার সিরিজে ‘মীরা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমিকে।
চরিত্রটি নিয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘মীরা আমার অভিনীত চরিত্রগুলির মধ্যে অন্যতম একটি বহুস্তরীয় এবং আবেগপ্রবণ চরিত্র। মীরা শোকাহত, ভেঙে পড়া একটি চরিত্র কিন্তু আবার একই সঙ্গে যে কোনও মূল্যে সে বাঁচার জন্য অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।’ মিমির মতে, এই গল্পের কেন্দ্রে রয়েছে চারজন নারীর আত্মমর্যাদা ফিরে পাওয়ার লড়াই। তাঁর কথায়, ‘এই গল্পে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে চারজন নারীর ভিতরকার শক্তি এবং এমন এক পৃথিবীতে নিজেদের অধিকার পুনরুদ্ধারের লড়াই, যে পৃথিবী তাঁদের প্রতিনিয়ত ভেঙে দেওয়ার জন্য তৈরি।’
অভিনেত্রী আরও জানান, সিরিজটির আবেগজনিত তীব্রতার অভিঘাত এবং তাঁর নিজের চরিত্রটির মানসিক জটিলতা তাঁকে একজন শিল্পী হিসেবে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তিনি বলেন ‘গল্পটি শক্তিশালী এবং আবেগের তীব্রতায় গভীরভাবে প্রোথিত, যা একজন অভিনেত্রী হিসেবে আমার কাছে এই যাত্রাকে একই সঙ্গে কঠিন ও অত্যন্ত তৃপ্তিদায়ক করে তুলেছে।’ পরিচালক নির্ঝর মিত্রের মতে, ‘কুইন্স’ কোনও প্রচলিত প্রতিশোধের গল্প নয়। তাঁর কথায়, ‘এর কেন্দ্রে রয়েছেন এমন কিছু নারী, যাঁদের এমন এক অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয়, যা তাঁদের চুপ করিয়ে রাখতে চায়।’ তিনি আরও জানান, এই সিরিজে উত্তরবঙ্গ শুধুমাত্র কোনও লোকেশন নয়, বরং গল্পের মধ্যে দিয়ে বয়ে চলা সহিংসতা, রাজনীতি এবং ক্ষমতার কাঠামোর এক গুরুত্বপূর্ণ প্রতিফলনও বটে। নির্মাতাদের আশা, রোমাঞ্চ, বাস্তবতা এবং আবেগপ্রবণতার মিশেলে তৈরি ‘কুইন্স’ দর্শকদের দেবে এক নতুন অভিজ্ঞতা!




