• facebook
  • twitter
Thursday, 21 May, 2026

আয়কর কর্মচারী ফেডারেশনের ৭৫ বছর পূর্তি, বছরভর সামাজিক কর্মসূচির ঘোষণা

আয়কর কর্মচারী ফেডারেশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে সামাজিক ও স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির ঘোষণা করা হল কলকাতায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কর্মচারীদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলা আয়কর কর্মচারী ফেডারেশন পালন করল তাদের ৭৫ বছর পূর্তি। প্লাটিনাম জুবিলি উপলক্ষে বছরজুড়ে একাধিক সামাজিক ও সাংগঠনিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

১৯৫৩ সালে মাত্র ৬৮ জন কর্মীকে নিয়ে যাত্রা শুরু করেছিল এই সংগঠন। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনের বিস্তার ঘটে দেশের বিভিন্ন প্রান্তে। কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, সমাজসেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ফেডারেশন।

Advertisement

বুধবার সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মহাজাতি সদনে আয়োজিত এক বিশেষ সভায় সংগঠনের ইতিহাস, বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের নেতারা।

Advertisement

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সাল জুড়ে নানা ধরনের সামাজিক এবং মানবিক কর্মসূচি আয়োজন করা হবে। জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং কর্মচারীদের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুধু সাংগঠনিক কর্মকাণ্ড নয়, স্বাস্থ্য পরিষেবাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ১০ জুলাই থেকে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার মতো বিভিন্ন কর্মসূচি শুরু হবে। সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সচেতনতামূলক প্রচারও চালানো হবে বলে জানানো হয়েছে।

সংগঠনের কর্মকর্তারা জানান, দীর্ঘ পথচলায় বহু বিশিষ্ট ব্যক্তি সংগঠনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আগামী দিনেও কর্মচারীদের অধিকার রক্ষা এবং সমাজের বৃহত্তর স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুমিত বোস এবং ভাস্কর ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করেন জয়দেব বড়ুয়া। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন আয়কর কর্মচারী ফেডারেশনের বেঙ্গল সার্কলের সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী।

অনুষ্ঠানের শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Advertisement