পশ্চিমবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন ঘটতে চলেছে। দেশের বুলেট ট্রেন মানচিত্রে জুড়তে চলেছে উত্তরবঙ্গের নাম। রেল মন্ত্রক সূত্রে খবর, আগামী জুলাই মাস থেকেই শুরু হতে চলেছে প্রস্তাবিত শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন করিডরের প্রাথমিক কাজ। এই হাই স্পিড রেল চালু হলে বিহারের পাটনা হয়ে উত্তরপ্রদেশের বারাণসী থেকে শিলিগুড়ি পৌঁছনো যাবে মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিটে। তিন রাজ্য— পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশকে এক সুতোয় বাঁধবে এই উচ্চগতির ট্রেন।
ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড ইতিমধ্যেই এই মেগা প্রকল্পের জন্য একটি বিশেষ সমীক্ষা দল গঠন করেছে। আগামী ২০২৬ সালের জুলাই মাস থেকে আকাশপথ (এরিয়াল সার্ভে) এবং স্থলপথ— উভয় মাধ্যমেই যৌথ সমীক্ষার কাজ শুরু হবে। এই সমীক্ষার মাধ্যমেই করিডরের চূড়ান্ত রুট এবং প্রযুক্তিগত খুঁটিনাটি নির্ধারণ করা হবে। প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল ‘ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট’ বা ডিপিআর প্রস্তুত করা। ২০২৭ সালের মার্চের মধ্যে এই ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ডিপিআর প্রস্তুত এবং রেল বোর্ডের অনুমোদন পাওয়ার পরই শুরু হবে মূল রেললাইন নির্মাণের কাজ।
Advertisement
শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের অর্থনৈতিক ও বাণিজ্যিক মানচিত্রে এক বিরাট বদল আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ৩ ঘণ্টারও কম সময়ে বারাণসী থেকে শিলিগুড়ি আসা সম্ভব হওয়ায় উত্তরবঙ্গের ডুয়ার্স ও পাহাড়ি অঞ্চলে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় এক ধাক্কায় অনেকটাই বাড়বে। ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে হবে বলে আশা করা হচ্ছে।
Advertisement
১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বুলেট ট্রেনের ঘোষণা করার পরেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যা। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,’এবার শিলিগুড়ির আবেগের সঙ্গে মিলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শিলিগুড়ি থেকে সরাসরি বুলেট ট্রেনে চেপে মানুষ চোখের পলকে পৌঁছে যাবে বারাণসীতে। এই বাজেট সাধারণ মানুষের সার্বিক ও আর্থ-সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।‘ ২০২৭-এর মার্চের মধ্যে ডিপিআর তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে বুলেট ট্রেনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রেল মন্ত্রক। এখন দেখার, উত্তর-পূর্ব ভারতের এই প্রথম বুলেট ট্রেন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয় কি না।
Advertisement



