• facebook
  • twitter
Tuesday, 19 May, 2026

পার্ক সার্কাস ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের জালে

মূল অভিযুক্ত ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ

পার্ক সার্কাসে রবিবারের অশান্তিকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল প্রশাসন। ঘটনার পরদিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, পুলিশের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর সেই কড়া মন্তব্যের পরই মূল অভিযুক্ত ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাসে বিক্ষোভ এবং অশান্তি ছড়ানোর পিছনে ফরিদুলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অভিযোগ, সমাজমাধ্যমে পোস্ট করে তিনি বহু মানুষকে জড়ো করেছিলেন। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে চিহ্নিত করা হয় এবং গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আরও বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬।

Advertisement

রবিবার দুপুরে বুলডোজার অ্যাকশন-সহ একাধিক ইস্যুর প্রতিবাদে পার্ক সার্কাস এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে ইট-পাথর ছুঁড়তে শুরু করে। ভাঙচুর চালানো হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একাধিক গাড়িতেও। মুহূর্তের মধ্যে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় অন্তত তিন জন পুলিশকর্মী আহত হন। পাশাপাশি আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

Advertisement

এই ঘটনার পর সোমবার কলকাতার ডিসি অফিসে গিয়ে আহত পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে তিনি কড়া ভাষায় সমাজবিরোধীদের সতর্ক করেন। শুভেন্দু বলেন, ‘কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়েছে, এখানেও তা বন্ধ হবে। কেউ যদি মনে করেন আগের নিয়মে সব চলবে, তা হলে ভুল করছেন। কেউ পাথর হাতে তুলবেন না। এটাই শেষ সতর্কবার্তা।‘

পাশাপাশি পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত ফরিদুল ইসলামকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে। পাশাপাশি সমাজমাধ্যমে তাঁর করা পোস্টগুলির উৎস ও উদ্দেশ্যও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

Advertisement