দুর্নীতি এবং বেআইনি সম্পত্তি মামলায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দক্ষিণ কলকাতার ভবানীপুরের এক জনসভা থেকে তিনি দাবি করেন, রাজ্যের সম্পদ লুট করে যাঁরা বেআইনি ভাবে সম্পত্তি তৈরি করেছেন, তাঁদের খুব শীঘ্রই আইনের আওতায় এনে জেলে পাঠানো হবে।
এই সভা থেকে শুভেন্দু বলেন, ‘যাঁরা বড় আকারে দুর্নীতি করেছেন, বেআইনি ভাবে সম্পত্তি তৈরি করেছেন এবং রাজ্যকে লুট করেছেন, তাঁদের আইনের পথ মেনেই বিজেপি সরকার জেলে পাঠাবে।’ তাঁর দাবি, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর মতো আরও অনেকে খুব শীঘ্রই আইনি পদক্ষেপের মুখে পড়বেন। এদিন শুভেন্দু অভিযোগ করেন, কলকাতা পুরসভা এলাকায় একাধিক সম্পত্তি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই কারণে তিনি পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব এবং কলকাতা পুরসভাকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।
Advertisement
সভা থেকে নাম উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোট ২৪টি সম্পত্তি রয়েছে। তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে ১৪টি সম্পত্তি রয়েছে। চারটি সম্পত্তি তাঁর নিজের নামে এবং ছ’টি তাঁর বাবার নামে রয়েছে।’ পাশাপাশি তিনি দাবি করেন, জাভেদ খানের ছেলের নামেও প্রায় ৯০টি সম্পত্তির খোঁজ মিলেছে।
Advertisement
শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার বার্তাই দিতে চাইছে বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী রাজনৈতিক লড়াইয়ের আগে দুর্নীতি ইস্যুকে সামনে রেখে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। বিশেষ করে সম্পত্তি এবং আর্থিক অনিয়মের অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা চলছে।
Advertisement



