• facebook
  • twitter
Monday, 18 May, 2026

সপ্তম বেতন কমিশন গঠন এবং ধর্মের ভিত্তিতে অনুদান জুন থেকে বন্ধ

সোমবার দ্বিতীয় মন্ত্রীসভায় সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

রাজ্যের সরকারি কর্মীদের একাংশ আশা করেছিলেন, বকেয়া মহার্ঘভাতা (ডিএ) নিয়ে নতুন সরকারের তরফে কোনও ঘোষণা করা হবে। তবে সোমবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠকে সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনের প্রস্তাবে মন্ত্রীসভার অনুমোদন মিলেছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

রাজ্যের নতুন মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠক ছিল এদিন। এক সপ্তাহ আগে, গত সোমবার বসেছিল মন্ত্রীসভার প্রথম বৈঠক। প্রথম বৈঠকের মতো দ্বিতীয় বৈঠক শেষেও একগুচ্ছ নতুন ঘোষণা করা হয়েছে। বৈঠকে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে চালু থাকা একাধিক সরকারি প্রকল্প আগামী মাস থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা এই প্রকল্পগুলির বিষয়ে পরে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে বৃত্তিমূলক প্রশিক্ষণ বা কর্মসংস্থানমূলক প্রকল্প বন্ধ করা হচ্ছে না বলেও স্পষ্ট করা হয়েছে।

Advertisement

নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। বর্তমানে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের নাম সরাসরিভাবে নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি নতুন আবেদনকারীদের জন্যও শীঘ্রই পোর্টাল খোলা হবে। সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের আবেদনকারী বা ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদনকারীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

Advertisement

অগ্নিমিত্রা পাল আশ্বস্ত করে বলেন, ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদের নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ‘ট্রান্সফার’ হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। শীঘ্রই এই সংক্রান্ত পোর্টাল খোলা হবে।‘

এ ছাড়াও, আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্তেও অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। স্বল্প ও দূরপাল্লার উভয় সরকারি বাস পরিষেবাতেই এই সুবিধা মিলবে। রাজ্য সরকারের নতুন বাজেট পেশের পরবর্তী সময়ে কিছু বৈদ্যুতিক বাস কেনা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। তবে আপাতত সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে না। বর্তমানে সরকারি বাসের যে পরিকাঠামো রয়েছে, তা নিয়েই কাজ চলবে।

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা মেটাতে আদালতের নির্দেশ মেনে নতুন করে সমীক্ষা চালানোর সিদ্ধান্তও নিয়েছে সরকার। একই সঙ্গে সম্পত্তি কর অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি। অগ্নিমিত্রা বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি এবং সরকারি পদে ওবিসি সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত ওবিসি তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণিবিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রীসভায়।

তিনি বলেন, ‘নতুন করে এনকোয়্যারি হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।‘ তিনি আরও বলেন, এবার থেকে প্রতি ১৫ দিন অন্তর মন্ত্রীসভার বৈঠক হবে এবং ডিএ-সহ বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলি ধাপে ধাপে আলোচনা করা হবে।

 

 

 

 

Advertisement