• facebook
  • twitter
Monday, 18 May, 2026

চন্দ্রনাথের বাড়িতে মুখ্যমন্ত্রী

তদন্তে উঠে আসে, খুনের পর আততায়ীরা ভিনরাজ্যে পালিয়ে যায়। ডিজিটাল লেনদেনের সূত্র ধরে তদন্তকারীরা উত্তরপ্রদেশে পৌঁছন।

নিজস্ব চিত্র

ভোটের ফলপ্রকাশের পর রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল মধ্যমগ্রামের শুটআউট কাণ্ড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এখনও তোলপাড় রাজনৈতিক মহল। রবিবার চন্দ্রনাথের শ্রাদ্ধানুষ্ঠানের দিন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তাঁর বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। নিহত সহযোগীর ছবিতে মাল্যদান করার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন।

গত ৬ মে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মাত্র দু’দিন পর মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ। অভিযোগ, আততায়ীরা খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। চারটি গুলি তাঁর মাথা, বুক ও পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। ঘটনায় আহত হন গাড়ির চালকও।

Advertisement

এই খুনের ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে রাজ্য পুলিশ। তদন্তে উঠে আসে, খুনের পর আততায়ীরা ভিনরাজ্যে পালিয়ে যায়। ডিজিটাল লেনদেনের সূত্র ধরে তদন্তকারীরা উত্তরপ্রদেশে পৌঁছন। জানা যায়, বালি টোলপ্লাজায় ইউপিআই পেমেন্ট করেছিলেন অভিযুক্তরা। সেই সূত্র ধরেই উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং বিহারের বক্সার এলাকা থেকে আরও এক শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কার নির্দেশে এই খুনের ছক কষা হয়েছিল এবং কারা শার্প শুটারদের সুপারি দিয়েছিল। পরে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। রবিবার চন্দ্রনাথ রথের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী ফের স্পষ্ট করেছেন, নিহত সহযোগীর পরিবারের পাশে সরকার ও তিনি ব্যক্তিগতভাবে রয়েছেন। তাঁর এই সফর ঘিরে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

Advertisement