• facebook
  • twitter
  • youtube
Saturday, 22 August, 2026

মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই আরজি করে কড়াকড়ি

দালালচক্র রুখতে ও নিরাপত্তায় বিশেষ নজরদারি

মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই আরজি করে কড়াকড়ি

File Photo

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালচক্র ও অনিয়ম রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিল হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রোগী বা তাঁদের পরিবারের কাছ থেকে পরিষেবা পাইয়ে দেওয়ার নামে কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।

শুক্রবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমও। রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিষেবা নিয়ে আলোচনা হওয়ার পরদিনই আরজি কর কর্তৃপক্ষ নিজেদের মধ্যে বৈঠক করে একাধিক নির্দেশ জারি করে।

সূত্রের খবর, হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নজরদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। শনিবারই এক রোগীর কাছ থেকে কয়েকশো টাকা চাওয়ার অভিযোগ সামনে আসে, যা পুলিশকে জানানো হয়েছে।

এছাড়া হাসপাতাল চত্বরে কুকুরের অবাধ ঘোরাফেরা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওয়ার্ডের ভিতরেও কুকুর ঢুকে পড়ার অভিযোগ থাকায় এ বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা সঠিকভাবে চলছে কি না, তাও নিয়মিত খতিয়ে দেখতে বলা হয়েছে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, জরুরি বিভাগের দায়িত্বে থাকা অফিসারদের সপ্তাহে অন্তত ৪২ ঘণ্টা কাজ করতে হবে। দ্রুত বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালুর বিষয়েও ভাবনা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।