কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের তহবিল নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তথ্য-প্রমাণ পাঠিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
সজলের অভিযোগ, ছাত্র সংসদের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সাধারণত অল্প পরিমাণ টাকা নেওয়া হয়, সেক্ষেত্রে কলেজের তহবিলে কয়েক কোটি টাকা জমা হওয়ার বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। ব্যাঙ্কের পাসবইয়ের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, বছরে ছাত্র সংসদের তহবিলে আড়াই কোটি টাকার মতো অর্থ আসা স্বাভাবিক নয়।
সমাজ মাধ্যমে নাম না করলেও তাঁর অভিযোগের নিশানায় রয়েছেন কলেজের প্রভাবশালী কর্তা দেবাশিস মুখোপাধ্যায় ওরফে ‘কানকাটা’ দেবু। সজল বলেন, ‘কলেজের ‘লক্ষ্য’ নামে যে অনুষ্ঠান দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তা আসলে টাকা তোলার মাধ্যম ছিল।’ তাঁর দাবি, এখনও ওই তহবিলে এক কোটিরও বেশি টাকা রয়েছে।
বিজেপির অভিযোগ, ভর্তির নামে বেআইনিভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে এই বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের একাংশও এই চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে বহু বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে সরব হয়েছেন। এখন এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




