আরজি কর কাণ্ডের পর গড়ে ওঠা অভয়া আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার বদলি নিয়ে একসময় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তৎকালীন সরকারের আমলে তাঁদের দূরের জেলায় পোস্টিং করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার তাঁদের নতুন করে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার আর দূরের জেলায় নয়, নিজেদের বাড়ির তুলনায় অনেক কাছাকাছি জেলায় পোস্টিং পেলেন দুই চিকিৎসক।
নতুন নির্দেশ অনুযায়ী, দেবাশিস হালদারকে মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতাল থেকে হাওড়া জেলা হাসপাতালের অ্যানাস্থেসিওলজি বিভাগে আনা হয়েছে। অন্যদিকে, আসফাকুল্লা নাইয়াকে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে হুগলির প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছে। এই সিদ্ধান্তে খুশি অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক ও সমর্থকদের একাংশ।
Advertisement
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুকে ঘিরে তীব্র আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনে সামনের সারিতে ছিলেন দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া ও অনিকেত মাহাতোর মতো জুনিয়র চিকিৎসকেরা।
Advertisement
পরবর্তীতে আন্দোলন স্তিমিত হওয়ার পর ২০২৫ সালের জুনে তাঁদের অন্যত্র বদলির নির্দেশ দেয় স্বাস্থ্যদপ্তর। চিকিৎসকদের অভিযোগ ছিল, কাউন্সেলিং প্রক্রিয়া ও পছন্দের পোস্টিং সংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হয়নি। বিষয়টি নিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
শেষ পর্যন্ত আদালত দেবাশিস ও আসফাকুল্লার পক্ষেই রায় দেয়। আদালত জানায়, স্বাস্থ্যদপ্তরের বদলির সিদ্ধান্তে ত্রুটি ছিল এবং সেই নির্দেশ বাতিল করা হয়। এরপর নতুন সরকারের আমলে তাঁদের কাছাকাছি জেলায় পোস্টিং দেওয়ার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
Advertisement



