বিধায়ক হিসেবে শপথ নিতে এ দিন এক অন্য ছবির সাক্ষী থাকল বিধানসভা চত্বর। চারচাকা বা কনভয় নয়, সাইকেল চালিয়েই শপথ অনুষ্ঠানে পৌঁছলেন হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি। সাদা পাজামা-পাঞ্জাবি ও গেরুয়া উত্তরীয় পরে তাঁকে সাইকেলের প্যাডেলে ভর করে বিধানসভার দিকে যেতে দেখে স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে ওঠেন পথচলতি মানুষ ও উপস্থিত অনেকেই।
Advertisement
বৃহস্পতিবার ছিল বিধানসভায় শপথগ্রহণের দ্বিতীয় দিন। এ দিন প্রোটেম স্পিকার তাপস রায় মোট ১৩৭ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান। দ্বিতীয় দফার তালিকাতেই নাম ছিল প্রদীপ বিজলির। নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি সাইকেলে চেপে বিধানসভায় পৌঁছে যান, যা ঘিরে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলেও।
Advertisement
সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রেক্ষিতে নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্তও নিয়েছেন তিনি। একই পথে হেঁটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কনভয়ের গাড়ি কমানোর উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে।
এর আগের দিন বিজেপির একাধিক বিধায়ক এমএলএ হস্টেল থেকে বাসে করে বিধানসভায় পৌঁছেছিলেন। আর এ দিন প্রদীপ বিজলির সাইকেলে বিধানসভায় যাওয়া যেন সেই সাশ্রয়ী বার্তাকেই আরও এক ধাপ এগিয়ে দিল। রাজনৈতিক মহলের মতে, শুধু বক্তব্য নয়, বাস্তব জীবনেও সেই বার্তা প্রয়োগ করার চেষ্টা করছেন জনপ্রতিনিধিরা।



