• facebook
  • twitter
Thursday, 14 May, 2026

আইনজীবী মমতার হাইকোর্টে গিয়ে সওয়াল, ভোট পরবর্তী হিংসার অভিযোগে মামলা

কালো শামলা পরে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে উপস্থিত হয়ে ভোট-পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া মামলায় সওয়াল করেন তৃণমূল নেত্রী

নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা গিয়েছিল তাঁকে। এ বার ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১টার কিছু আগে আইনজীবীর পোশাকে হাইকোর্ট চত্বরে পৌঁছন তিনি। কালো শামলা পরে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে উপস্থিত হয়ে ভোট-পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া মামলায় সওয়াল করেন তৃণমূল নেত্রী।

আদালতে মমতা দাবি করেন, নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী, শিশু এবং সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ আসছে। তাঁর বক্তব্য, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং মহিলাদের হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটছে। আদালতের অনুমতি পেলে এই সমস্ত অভিযোগ অতিরিক্ত হলফনামায় তুলে ধরবেন বলেও জানান তিনি। একই সঙ্গে রাজ্যের মানুষকে রক্ষা করার আবেদন জানিয়ে বলেন, “এটা কোনও বুলডোজ়ার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ।”

Advertisement

অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর বক্তব্য, কোথায় কী ঘটনা ঘটেছে তার নির্দিষ্ট তথ্য আদালতে তুলে ধরা হয়নি। রাজ্য পুলিশ সতর্ক ও সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ২০২১ সালের ভোট-পরবর্তী অশান্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আদালতের আগে নিশ্চিত হওয়া উচিত আদৌ এই ঘটনাগুলি ভোট-পরবর্তী হিংসার অন্তর্ভুক্ত কি না। উল্লেখ্য, এই মামলাটি দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। এ দিনের শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে।

Advertisement

 

Advertisement