• facebook
  • twitter
  • youtube
Saturday, 22 August, 2026

অনুমোদনহীন সব টোল গেট বন্ধের নির্দেশ নবান্নের

ভবিষ্যতে যাতে নতুন করে কোনও বেআইনি টোল গেট চালু না হয়, সেই বিষয়েও জেলাশাসকদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে

অনুমোদনহীন সব টোল গেট বন্ধের নির্দেশ নবান্নের

File Photo

রাজ্যে অনুমোদন ছাড়াই চলা সমস্ত টোল গেট, ড্রপ গেট ও টাকা আদায়ের পয়েন্ট বন্ধ করার নির্দেশ দিল নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের তরফে মঙ্গলবার এই সংক্রান্ত কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলাশাসককে অবিলম্বে বেআইনি টোল গেট চিহ্নিত করে তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের দপ্তর থেকে জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যথাযথ সরকারি অনুমোদন ছাড়া কোথাও কোনও টোল আদায় করা যাবে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে চলা অনুমোদনহীন টোল গেট, ব্যারিকেড ও টাকা তোলার পয়েন্টগুলি দ্রুত বন্ধ করতে প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু বন্ধ করাই নয়, ভবিষ্যতে যাতে নতুন করে কোনও বেআইনি টোল গেট চালু না হয়, সেই বিষয়েও জেলাশাসকদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। এছাড়াও রাজ্যে কোথায় কোথায় বৈধ টোল গেট রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকায় কোন টোল থেকে কার কাছে টাকা জমা যায়, তাও উল্লেখ করতে বলা হয়েছে। আগামী শুক্রবার দুপুর ১২টার মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে নবান্ন।