দেশজুড়ে ডিজেল ও পেট্রলের সম্ভাব্য সঙ্কট নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এবার ব্যক্তিগত গাড়ির উপর নিয়ন্ত্রণ আরোপের দাবি তুলল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেশবাসীকে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি অপচয় না করার আহ্বান জানিয়েছেন। সেই বক্তব্যকে সমর্থন জানিয়েই চারচাকা ও দু’চাকার ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে ‘অড অ্যান্ড ইভেন’ নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে বাস সংগঠনটি।
সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় মনে করেন, এই ব্যবস্থা কার্যকর হলে একদিকে যেমন জ্বালানির অপচয় কমবে, অন্যদিকে মানুষ আরও বেশি করে গণপরিবহণ ব্যবহার করতে উৎসাহিত হবেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে ছোট ব্যক্তিগত গাড়ির সংখ্যা অত্যধিক বেড়ে গিয়েছে, অথচ একটি বাস বা গণপরিবহণে একসঙ্গে বহু মানুষ যাতায়াত করতে পারেন। ফলে জ্বালানি সাশ্রয়ের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
Advertisement
প্রস্তাব অনুযায়ী, একদিন শুধুমাত্র জোড় সংখ্যার গাড়ি এবং পরের দিন বিজোড় সংখ্যার গাড়ি রাস্তায় নামতে পারবে। এতে রাস্তায় ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কমবে এবং ডিজেল-পেট্রলের ব্যবহারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে দাবি সংগঠনের।
Advertisement
এছাড়াও ‘পার্ক অ্যান্ড রাইড’ ব্যবস্থা চালুর পক্ষেও সওয়াল করেছে বাস সংগঠন। এই ব্যবস্থায় শহরের বাইরে নির্দিষ্ট জায়গায় ব্যক্তিগত গাড়ি রেখে সেখান থেকে বাস, মেট্রো বা অন্য গণপরিবহণে শহরে প্রবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনের মতে, এতে যেমন যানজট কমবে, তেমনই জ্বালানি সাশ্রয়ও সম্ভব হবে।
শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি একসময় রাজ্যের পরিবহন মন্ত্রীর দায়িত্বেও ছিলেন। তাই এই পরিস্থিতিতে তিনি পরিবহন ও জ্বালানি সাশ্রয় নিয়ে বিশেষ উদ্যোগ নেবেন বলেই আশা প্রকাশ করেছে বাস সংগঠন। তাদের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার দ্রুত আলোচনায় বসে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করুক।
Advertisement



