• facebook
  • twitter
  • youtube
Saturday, 22 August, 2026

শুভেন্দুর আপ্তসহায়ককে খুনের ঘটনায় বিহার এবং উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার তিন অভিযুক্ত

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল

শুভেন্দুর আপ্তসহায়ককে খুনের ঘটনায় বিহার এবং উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার তিন অভিযুক্ত

Chandranath Rath Murder Case Photo-SNS

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল তদন্তকারী দল। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় ওই তিন সন্দেহভাজনকে।ধৃতদের নাম ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। তাঁদের মধ্যে অন্তত এক জন পেশাদার শুটার বলে তদন্তকারীদের অনুমান।

চন্দ্রনাথ হত্যার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর একটি বিশেষ ইউনিট কয়েক দিন ধরেই বিভিন্ন রাজ্যে তল্লাশি চালাচ্ছিল। অবশেষে রবিবার গভীর রাতে বিশেষ অভিযানে বিহারের বক্সার থেকে ময়ঙ্ক ও ভিকিকে এবং উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজ সিংহকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই তাঁদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে।

গত ৬ মে রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ। তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় তাঁর গাড়ির সামনে আচমকা একটি চারচাকা এসে দাঁড়ায়। বাধ্য হয়ে গাড়ি থামাতেই দু’দিক থেকে মোটরবাইকে চেপে আসে আততায়ীরা। এরপর চন্দ্রনাথ ও তাঁর চালককে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। গুরুতর জখম চালক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের সিআইডি এবং এসটিএফের আধিকারিকরাও যুক্ত রয়েছেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। বালি টোলপ্লাজায় অনলাইনে টোল দেওয়ার সূত্র ধরেই অভিযুক্তদের খোঁজ শুরু হয়। ইতিমধ্যেই খুনে ব্যবহৃত গাড়ি ও দু’টি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। তবে সেগুলির নম্বরপ্লেট ভুয়ো বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, অন্তত এক থেকে দেড় মাস আগে থেকেই এই খুনের ছক কষা হয়েছিল। ব্যক্তিগত বা রাজনৈতিক কোনও শত্রুতা এর নেপথ্যে রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।