• facebook
  • twitter
Saturday, 9 May, 2026

রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা

তৃণমূল সূত্রে খবর, কালীঘাটে তাঁর বাড়ির কাছেই আয়োজন করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠান

প্রতিনিধিত্বমূলক চিত্র

আর কিছু ক্ষণের মধ্যেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজনৈতিক পালাবদলের এই গুরুত্বপূর্ণ দিনের মধ্যেই সক্রিয় ভূমিকায় দেখা যাবে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘদিন পর তিনি জনসমক্ষে এসে অংশ নেবেন রবীন্দ্র জয়ন্তীর এক অনুষ্ঠানে।

তৃণমূল সূত্রে খবর, কালীঘাটে তাঁর বাড়ির কাছেই আয়োজন করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদ্‌যাপনের অনুষ্ঠান। সেখানে রবীন্দ্র বন্দনার পাশাপাশি সাম্প্রতিক বিধানসভা নির্বাচন, ভোট-পরবর্তী পরিস্থিতি এবং তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

জোড়া ফুল শিবিরের অভিযোগ, কালীঘাট অঞ্চলে একটি অরাজনৈতিক সংগঠন প্রথমে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান করার উদ্যোগ নিলেও প্রশাসনের অনুমতি মেলেনি। এরপরই তৃণমূল নেত্রীর বাড়ির উঠোন অথবা সংলগ্ন কোনও খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

ভোটের ফল প্রকাশের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জনসমক্ষে আসেননি। ৪ মে ফল ঘোষণার পর থেকেই তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেই পরিস্থিতিতে নতুন সরকারের শপথের দিনেই তাঁর প্রকাশ্যে আসা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রতি বছর ২৫ বৈশাখে সরকারি কবি প্রণামের অনুষ্ঠানে দীর্ঘ সময় কাটাতেন মমতা। রবীন্দ্রসদন চত্বরে তাঁর উপস্থিতি ছিল নিয়মিত। এবার রাজনৈতিক পালাবদলের আবহে বিজেপি যেমন ২৫ বৈশাখকে শপথের দিন হিসেবে বেছে নিয়েছে, তেমনই মমতাও এই আবেগঘন দিনেই রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট রাজনৈতিক বার্তা দিতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

Advertisement